# পাসপোর্ট চেয়ে শেখ হাসিনা নিজে কোনো আবেদন করেননি-দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন

- Link: https://znews.news/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%96-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8/
- Published: ২০২৬-১১-০৯T১৯:২৩:২৯+০৬:০০
- Author: znews

জেড নিউজ ডেস্ক:

নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নিজে কোনো আবেদন করেননি। ম্যাট্রিক্স চেম্বার্স নামক একটি প্রতিষ্ঠান থেকে হাইকমিশনে
একটি মেইল এসেছে।

মেইলে করা আবেদনে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ করা হয়েছে।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আবেদন করেননি।’

ম্যাট্রিক্স চেম্বার্স নামক একটি প্রতিষ্ঠান থেকে একটি ই-মেইল এসেছে জানিয়ে তিনি বলেন,‘
সেই ই-মেইলে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ এসেছে। এটি যে শেখ
হাসিনার পক্ষে অনুরোধ, তা বোঝার কোনো উপায় নেই।’
 আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো
ই-মেইলে শেখ হাসিনার অনুমোদন বা ‘অথরাইজেশন’ সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল 
না বলে জানিয়েছেন প্রেস মিনিস্টার সাইদুর রহমান।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন
বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে
বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস
কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার
প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে
পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী
বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন
পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য
করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায়
বন্দিবিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’
