# পারমাণবিক স্থাপনা নিয়ে ইরানের বড় সিদ্ধান্ত, শঙ্কায় আইএইএ

- Link: https://znews.news/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a3%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87/
- Published: ২০২৬-১১-১৬T১৩:৪৫:৫০+০৬:০০
- Author: znews

জেড নিউজ ডেস্ক:

মধ্যপ্রাচ্যের যুদ্ধ স্থায়ীভাবে শেষ না হওয়া এবং যুক্তরাষ্ট্রের কাছে ইরানের শর্ত পূরণ
না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার(
আইএইএ) পরিদর্শকদের প্রবেশ করতে দেবে না তেহরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি
এ কথা জানিয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) রাতে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে গরিবাবাদি বলেন, ‘ইরানের 
শর্ত পূরণ না হওয়া এবং যুদ্ধ স্থায়ীভাবে শেষ না হওয়া পর্যন্ত আমরা এসব স্থাপনায় আইএইএর
প্রবেশের অনুমতি দেব না।’

আইএইএ গত সপ্তাহে ইরানকে পারমাণবিক স্থাপনাগুলোতে পুনরায় পরিদর্শন কার্যক্রম শুরুর 
আহ্বান জানিয়েছিল। গত বছরের জুনে ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের সময় ইরানের পারমাণবিক
স্থাপনাগুলোতে হামলা চালায় ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এরপর থেকে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে
আন্তর্জাতিক পরিদর্শন কার্যক্রম বন্ধ রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ 
আলী খামেনি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ শুরু হয়। ওই যুদ্ধেও ইরানের 
পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানো হয়।

আইএইএর পরিদর্শকেরা গত সেপ্টেম্বরে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন
করেছিলেন। তবে নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহানসহ হামলায় ক্ষতিগ্রস্ত অন্য স্থাপনাগুলোতে প্রবেশের
অনুমতি পাননি।

গরিবাবাদি দাবি করেন, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শনের জন্য আইএইএর অনুরোধের পেছনে
সম্ভবত মার্কিন অস্ত্রের কার্যকারিতা যাচাইয়ের উদ্দেশ্য রয়েছে।

এদিকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শন বন্ধ থাকায় দেশটির পারমাণবিক
কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষণ আরও জটিল হয়ে উঠতে পারে।
