# পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি

- Link: https://znews.news/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be/
- Published: ২০২৫-০৮-১১T১২:২৫:৪৬+০৬:০০
- Author: Z News

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘পদ্মাসহ অন্যান্য নদীর পানির 
ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি। ’

রোববার (১০ আগস্ট) রাজশাহী মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি
প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘বিগত সরকার গুম, খুন, হত্যার রাজনীতি করেছে। স্বৈরাচারের বিরুদ্ধে
বিএনপির মূল লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা ও ফিরিয়ে আনা। ’

জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বাংলাদেশের 
মানুষের সর্বাত্মক চেষ্টা ও সহযোগিতায় আমরা এদেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করতে সফল
হয়েছি। ’

স্বৈরাচার সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, ‘স্বৈরাচার এ দেশের অর্থনীতি, স্বাস্থ্য,
আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। তা আবার পুনর্গঠন করবে বিএনপি। সে লক্ষ্যের
দিকেই এগিয়ে যাচ্ছি আমরা। ’

তিনি বলেন, ‘ক্ষমতায় এসে দেশ-বিদেশে দক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা গড়ে তুলতে হবে। শিক্ষার
আলো শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে হবে। তাদের ভবিষ্যতের জন্য গড়ে তুলতে হবে। ’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘দলকে জনগণের কাছে নিয়ে যেতে হবে। তাদের মনে 
আস্থা সৃষ্টি করতে হবে। তাদের নিয়েই আমাদের কাজ করতে হবে।
