# পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ ‘সন্ত্রাসী’ নিহত

- Link: https://znews.news/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be-2/
- Published: ২০২৬-০৮-২৭T১৩:০৫:০৫+০৬:০০
- Author: znews

জেড নিউজ ডেস্ক:

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দাভিত্তিক অভিযানে
১১ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। দেশটির নিরপত্তা বাহিনীর সূত্রের বরাতে এক প্রতিবেদনে
এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সামা টিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী দক্ষিণ ওয়াজিরিস্তান, বান্নু ও খুজদারে এসব
অভিযান চালায়। দুই প্রদেশে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা ঠেকাতে অভিযান অব্যাহত রয়েছে।

নিরাপত্তা সূত্র জানায়, বান্নুতে ‘ফিতনা-আল-খাওয়ারিজ’-এর বিরুদ্ধে একটি গোয়েন্দাভিত্তিক
অভিযান চালানো হয়। এতে দুই ‘সন্ত্রাসী’ নিহত এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
করা হয়েছে।

অন্যদিকে, দক্ষিণ ওয়াজিরিস্তানের লাধা এলাকায় আরেক অভিযানে পাঁচ ‘সন্ত্রাসী’ নিহত হন।
নিরাপত্তা বাহিনী তাদের গতিবিধি শনাক্ত করে দ্রুত অভিযান চালায়। এ সময় ‘সন্ত্রাসী’দের
একটি আস্তানাও ধ্বংস করা হয়।

এ ছাড়া বেলুচিস্তানের খুজদার জেলায় ‘ফিতনা-আল-হিন্দুস্তান’-এর বিরুদ্ধে অভিযান চালিয়ে
আরও চার ‘সন্ত্রাসী’কে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র।

সাসোল এলাকায় চালানো এ অভিযানে সশস্ত্র ব্যক্তিদের লক্ষ্য করে কোয়াডকপ্টার ব্যবহার 
করা হয়। এসব অভিযানে স্থানীয় জনগণের যাতে কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে বিশেষ সতর্কতা
নেওয়া হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র।
