# পরিবারকে সময় না দেওয়া জীবনের বড় ভুল ছিল : আমির খান

- Link: https://znews.news/%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%9c/
- Published: ২০২৬-০৪-২৯T১৩:৪৩:৩২+০৬:০০
- Author: znews

**জেড নিউজ ডেস্ক :**

বলিউড সুপারস্টার আমির খান মানেই পর্দায় নিখুঁত অভিনয়। কিন্তু পর্দার বাইরের জীবনে 
তিনি যে নিখুঁত নন, তা এবার অকপটে স্বীকার করলেন অভিনেতা নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে
নিজের অতীত জীবন, ভেঙে যাওয়া সম্পর্ক ও বর্তমান প্রেমিকা গৌরী স্প্র্যাটকে নিয়ে কথা
বলেছেন তিনি।

রীনা দত্ত ও  কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর আমির এখন গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে
আছেন।

গৌরীকে নিয়ে আমির বলেন, ‘আমি খুব ভাগ্যবান যে গৌরীর মতো একজনের দেখা পেয়েছি। ওর সাথে
আমি মানসিক শান্তি অনুভব করি। এখন মনে হয় আমি জীবনে পরিপূর্ণতা পেয়েছি।’ নিজের দুই 
প্রাক্তন স্ত্রীর সঙ্গে গভীর সম্পর্কের কথা উল্লেখ করেও তিনি জানান, শেষ পর্যন্ত কেন
সেগুলো টেকেনি তা নিয়ে তার কোনো আক্ষেপ নেই, বরং বর্তমান নিয়ে তিনি সুখী।

সাক্ষাৎকারে আমির তার জীবনের সবচেয়ে বড় ভুলের কথা জানিয়েছেন। তিনি স্বীকার করেন, দীর্ঘ
৩০-৩৫ বছর তিনি শুধু সিনেমা আর কাজ নিয়ে এতটাই মগ্ন ছিলেন যে, পরিবার ও প্রিয়জনদের 
একদমই সময় দিতে পারেননি। আমির বলেন, কোভিড মহামারির সময় আমি প্রথম উপলব্ধি করি যে কাজের
নেশায় আমি অনেক মূল্যবান সময় হারিয়ে ফেলেছি। সেই সময়গুলো আর কখনো ফিরে আসবে না।

তবে এখন তিনি সেই ভুল শুধরে নিয়ে আপনজনদের সময় দেওয়ার চেষ্টা করছেন।

নিজেকে একজন স্পষ্টভাষী মানুষ হিসেবে দাবি করে আমির জানান, নিজের ভুল বুঝতে পারা এবং
তা স্বীকার করা মানুষকে ছোট করে না, বরং আরো উন্নত করে। তিনি বলেন, কেউই নিখুঁত নয়।
আমিও আমার জীবন থেকে শিখছি। আমার চেষ্টা থাকবে পুরনো ভুলগুলো যেন আর না করি।
