# পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও প্রাণীর প্রতি সদয় আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর

- Link: https://znews.news/%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%a3-%e0%a6%93/
- Published: ২০২৬-১১-১৫T১৮:৪৯:২৯+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছেন লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন
শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৪১ জন শিক্ষার্থী,
৬ জন শিক্ষক ও অভিভাবক। এ ছাড়া দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী
ও ৬ জন শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষক
এ পরিদর্শনে অংশ নেন।

সংসদ অধিবেশনের বিরতিকালে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন প্রজন্ম রাজনীতি
ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে। তবে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের
যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন তিনি।

এ সময় শিক্ষার্থীদের জন্য তিনটি বিষয়ে বিশেষ পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

প্রথমত, পরিচ্ছন্নতা: নিজেদের শহর, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার
আহ্বান জানান তিনি। ময়লা-আবর্জনা যেখানে-সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার পরামর্শ
দেন।

দ্বিতীয়ত, বৃক্ষরোপণ: বর্ষাকালে নিজের কিংবা পরিবারের কোনো সদস্যের জন্মদিন উপলক্ষে
অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

তৃতীয়ত, প্রাণীর প্রতি সদয় আচরণ: পশুপাখিসহ সব প্রাণীর প্রতি সদয় ও মানবিক আচরণ করার
আহ্বান জানান তিনি।

এর আগে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। এ সময় তারা
সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন। পরে
সংসদ ভবনের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়(
এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত
প্রেসসচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম প্রমুখ।
