# নেপালকে মাত্র ২৬ রানে গুটিয়ে ভারতের রেকর্ড ব্যবধানে জয়

- Link: https://znews.news/%e0%a6%a8%e0%a7%87%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a7%a8%e0%a7%ac-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%97%e0%a7%81%e0%a6%9f/
- Published: ২০২৬-১১-২১T১৩:১৭:১৫+০৬:০০
- Author: znews

জেড নিউজ স্পোর্টস:

এশিয়া কাপ রাইজিং স্টারস ওয়ানডে টুর্নামেন্টে নেপালকে ৩০৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে
এক ঐতিহাসিক জয় তুলে নিয়েছে ভারতীয় ‘এ’ দল। তিলক ভার্মা ও কুমার কুশাগরার জোড়া সেঞ্চুরির
পর হর্ষিত রানা ও প্রিন্স যাদবের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ২৬ রানেই গুটিয়ে যায় নেপাল।
লিস্ট-এ ক্রিকেটের ইতিহাসে রানের হিসেবে এটি অষ্টম বৃহত্তম জয় এবং নেপালের ২৬ রানের
ইনিংসটি লিস্ট-এ ক্রিকেটে কোনো দলের চতুর্থ সর্বনিম্ন সংগ্রহ।

টস জিতে ভারতীয় ‘এ’ দলকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় নেপাল। শুরুটা নেপালের বোলারদের
জন্য দারুণ ছিল। অভিষেক শর্মা ১৩ বলে ৯ রান এবং আয়ুস বাদানি ৭ বলে ২ রান করে দ্রুত
সাজঘরে ফেরেন। বৈভব সূর্যবংশী বোল্ড হওয়ার আগে ৩২ বলে করেন ২৬ রান। মাত্র ৪২ রানে 
৩ উইকেট হারিয়ে যখন ভারত ধুঁকছিল, ঠিক তখনই দলের হাল ধরেন তিলক ভার্মা ও কুমার কুশাগরা।

চতুর্থ উইকেটে এই দুই ব্যাটার গড়েন ২০৬ রানের এক বিশাল জুটি এবং দুজনেই তুলে নেন অনবদ্য
সেঞ্চুরি। কুমার কুশাগরা ১০২ বলে ১০টি চার ও ৫টি ছক্কার সাহায্যে খেলেন ১১৭ রানের ঝলমলে
ইনিংস। অন্যদিকে, তিলক ভার্মা ১১৩ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় করেন ১০৭ রান। শেষদিকে
স্লগ ওভারে নেপালের বোলাররা কয়েকটি উইকেট তুলে নিলেও সূর্যনশ সেজের ১৪ বলে অপরাজিত 
৩৬ রানের (১ চার ও ৪ ছক্কা) ঝোড়ো ইনিংসে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩২ রানের 
বড় পুঁজি পায় ভারত। নেপালের পক্ষে ললিত রাজবংশী ও সন্দীপ লামিচানে ৩টি করে উইকেট শিকার
করেন।

৩৩৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় পেসারদের গতির মুখে কোনো প্রতিরোধই
গড়তে পারেনি নেপাল। হর্ষিত রানা এবং প্রিন্স যাদবের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১১.৩ ওভারে
২৬ রানেই অলআউট হয়ে যায় দলটি। নেপালের কোনো ব্যাটারই এদিন দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

ভারতের দুই পেসার মিলেই শিকার করেন ৯টি উইকেট। দুর্দান্ত বোলিং করে প্রিন্স যাদব মাত্র
৬ রানের বিনিময়ে ৫টি উইকেট তুলে নেন এবং হর্ষিত রানা ১৬ রান দিয়ে নেন ৪টি উইকেট।

 
