# নেপচুনের ওপারে পৃথিবীর মতো আরেকটি গ্রহ থাকার সম্ভাবনা

- Link: https://znews.news/%e0%a6%a8%e0%a7%87%e0%a6%aa%e0%a6%9a%e0%a7%81%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%83%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%ae/
- Published: ২০২৬-১১-২৯T১৩:৩২:৩৩+০৬:০০
- Author: znews

জেড নিউজ ডেস্ক:

সৌরজগতের দূর প্রান্তে নেপচুন গ্রহের বাইরে পৃথিবীর মতো আরেকটি গ্রহ থাকতে পারে বলে
ধারণা করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। ওই অঞ্চলের বরফে ঢাকা মহাজাগতিক বস্তুগুলোর অস্বাভাবিক
গতিপথ পর্যবেক্ষণ করে এমন ধারণা করছেন তারা। সম্ভাব্য গ্রহটির নাম দেওয়া হয়েছে পিএক্স২।

‘মান্থলি নোটিসেস অব দ্য রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি’ শীর্ষক বিজ্ঞান সাময়িকীতে
এ-সংক্রান্ত গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

বিজ্ঞানবিষয়ক সংবাদমাধ্যম সায়েন্স অ্যালার্ট জানিয়েছে, সম্ভাব্য গ্রহটির ভর পৃথিবীর
এক থেকে দুই গুণ হতে পারে। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, সূর্য থেকে কয়েক হাজার
কোটি মাইল দূরে এটি সূর্যকে প্রদক্ষিণ করছে বলে ধারণা করা হচ্ছে।

গবেষণাপত্রের লেখক অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ডের সহযোগী অধ্যাপক
প্যাট্রিক সোফিয়া লিকাওকা জানান, কয়েক দশক ধরে সৌরজগত নিয়ে গবেষণার পর এমন একটি গ্রহের
সন্ধান পাওয়া গেলে তা হবে বড় ধরনের আবিষ্কার। এর আগেও ‘প্ল্যানেট নাইন’ নামে একটি সম্ভাব্য
গ্রহের অস্তিত্বের কথা জানিয়েছিলেন বিজ্ঞানীরা। তাদের ধারণা, পৃথিবীর প্রায় ১০ গুণ 
ভরের ওই গ্রহ নেপচুনের বাইরের মহাজাগতিক বস্তুগুলোর গতিপথে প্রভাব ফেলতে পারে।

**নতুন গ্রহের ধারণা যেভাবে এল**

নেপচুনের বাইরে থাকা কিছু বরফাচ্ছাদিত মহাজাগতিক বস্তু দীর্ঘ ও উপবৃত্তাকার কক্ষপথে
সূর্যকে প্রদক্ষিণ করে। পরিচিত গ্রহগুলোর মহাকর্ষীয় আকর্ষণ দিয়ে এসব বস্তুর অস্বাভাবিক
গতিপথের পূর্ণ ব্যাখ্যা দেওয়া যাচ্ছে না। সেডনা নামের মহাজাগতিক বস্তুটি এর অন্যতম 
উদাহরণ।

গ্রহবিজ্ঞানী জন্টি হর্নার এসব অস্বাভাবিক গতিপথকে বরফের ওপর পায়ের ছাপের সঙ্গে তুলনা
করেছেন। তার মতে, এসব চিহ্ন অজানা কোনো কিছুর উপস্থিতির ইঙ্গিত দেয়।

এর কারণ বুঝতে গবেষকেরা কম্পিউটারের মাধ্যমে সৌরজগতের ৪৫০ কোটি বছরের ইতিহাসের অনুকরণ
তৈরি করেন। তারা পরিচিত চারটি বিশাল গ্রহের উপস্থিতিতে সৌরজগতের বিবর্তন বিশ্লেষণ করেন।
পাশাপাশি দূরবর্তী অঞ্চলে অতিরিক্ত গ্রহের উপস্থিতি ধরে তৈরি মডেলের সঙ্গেও তুলনা করেন।

গবেষণায় দেখা গেছে, পিএক্স২ নামের সম্ভাব্য গ্রহটি বরফাচ্ছাদিত কয়েকটি বস্তুর অস্বাভাবিক
কক্ষপথের ব্যাখ্যা দিতে পারে। তবে গবেষণার ফলাফল ও বাস্তব পর্যবেক্ষণের মধ্যে এখনো 
কিছু অমিল রয়েছে।

গবেষকদের আশা, চিলির ভেরা সি রুবিন মানমন্দিরের মাধ্যমে নেপচুনের বাইরের আরও মহাজাগতিক
বস্তু পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এতে পিএক্স২-এর সম্ভাব্য অস্তিত্ব সম্পর্কে আরও তথ্য
পাওয়া যেতে পারে। গ্রহটির অস্তিত্ব এখনো নিশ্চিত হয়নি। তবে এটি আবিষ্কৃত হলে সৌরজগতের
ইতিহাস ও দূরবর্তী মহাজাগতিক বস্তুগুলোর গতিপথ সম্পর্কে বিজ্ঞানীদের ধারণা বদলে যেতে
পারে।
