# নির্বাচনের আগ পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

- Link: https://znews.news/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%97-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%87/
- Published: ২০২৫-০৮-০৪T১৩:৩৮:০৫+০৬:০০
- Author: Z News

জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান চলবে বলে জানিয়েছেন 
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে
ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

মি. আলম বলেন, “পুরো দেশব্যাপী বিশেষ অভিযান চলছে। এটা ইলেকশনের আগ পর্যন্তই চলতে 
হবে। অস্বীকার করার উপায় নাই যে, আমাদের যে পরিমাণ হাতিয়ার চলে গেছে আমরা তো সব উদ্ধার
করতে পারি নাই। এগুলো উদ্ধার করার জন্য আমাদের চেষ্টা সবসময় জারি আছে।”

বর্তমান আইনশৃঙ্খলা বাহিনী নিয়েই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ‘খুব ভালোভাবে করা যাবে’
বলে আশা প্রকাশ করেছেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে সরকার পরিস্থিতির উন্নয়নে চেষ্টা
করছে বলে জানান মি. আলম।

“কাঙ্খিত উন্নতি হওয়া, হয়তো আমরা অতটুক উন্নতি করতে পারি নাই। আমাদের দেশ স্বাধীন 
হইছে ৫৪ বছর। এই ৫৪ বছরেও যে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো এটা কোন মিডিয়া বা সাধারণ
পারসেপশনে আছে কোথাও? আমরাতো ওই স্ট্যান্ডার্ডেই কোন সময় যেতে পারি নাই। আমরা আমাদের
লেভেলে থেকে চেষ্টা করে যাচ্ছি যতটুকু উন্নতি করা যায়” বলেন তিনি।

শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিন
পাঁচই অগাস্ট ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন করবেন অন্তর্বর্তী
সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

এ উপলক্ষে নেয়া বিভিন্ন কর্মসূচিতে নিরাপত্তা নিয়ে করা এক প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা
বলেন, “পাঁচই অগাস্ট নিয়া কোন ধরনের আতঙ্কের কোন কারণই নাই। আল্লাহয় দিলে সব কিছু
সব প্রোগ্রাম হবে সব ভালোভাবে হয়ে যাবে।”

পুলিশ কেন মব ভায়োলেন্স নিয়ন্ত্রণ করছে না – এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,“
মব ভায়োলেন্স তো কমছে। এটা আস্তে আস্তে একেবারে ইলিমিনেট হয়ে যাবে। আমরা মব ভায়োলেন্সের
ক্ষেত্রে কোন ধরনের ছাড় দেব না।”

কোন দলকে বেশি পুলিশী নিরাপত্তা দেওয়া হচ্ছে কী না – এমন প্রশ্নে তিনি বলেন, সবাইকে
সমান নিরাপত্তা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, “যে একটু বেশি ভালনারেবল, তারে একটু বেশি প্রোটেকশন দেওয়া হয়। যে একটু 
কম ভালনারেবল তারে একটু কম প্রোটেকশন দেওয়া হয়।”

আরো পড়তে পারেন:
