# নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে

- Link: https://znews.news/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a3%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/
- Published: ২০২৬-১১-১০T১০:৫০:২৬+০৬:০০
- Author: znews

**জেড নিউজ ডেস্ক : **

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদ্রাসায় আগুনের ঘটনায় ৬৩ শিক্ষার্থীকে
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আশঙ্কাজনক
অবস্থায় তিনজনকে আইসিইউতে নেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে ‘জামিয়া আশরাফিয়া’ মাদ্রাসায় এ আগুন লাগে।
পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিনগত রাতে ৫ তলাবিশিষ্ট ওই মাদ্রাসা
ভবনের দ্বিতীয় তলায় লাইব্রেরি ও অফিস কক্ষে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই পুরো ভবনে কালো
ধোঁয়া ছড়িয়ে পড়লে ভেতরে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ সময়
ঘন ধোঁয়ায় শ্বাস নিতে গিয়ে বহু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা
অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. 
সুলতান মাহমুদ শিকদার কালবেলাকে বলেন, হাসপাতালে ভর্তি ৬৩ জনের মধ্যে চারজনের অবস্থা
আশঙ্কাজনক হওয়ায় তাদের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তাদের মধ্যে একজনকে মেকানিক্যাল
ভেন্টিলেটরের (কৃত্রিম শ্বাস-প্রশ্বাস) মাধ্যমে সহায়তা দেওয়া হচ্ছে। আশঙ্কাজনকরা হলেন-
ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন
বলেন, রাত ১টা ৫৫ মিনিটে খবর পেয়ে কাঁচপুর মডার্ন ও শিবু মার্কেট ফায়ার স্টেশনের মোট
৫টি ইউনিট রাত ২টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। কর্মীরা মাত্র আধা ঘণ্টার চেষ্টায় রাত
২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে মাদ্রাসার
লাইব্রেরি ও অফিস কক্ষের প্রায় ১৫ লাখ টাকার মালপত্র পুড়ে গেছে।
