# নবীজি (সা.) কি কখনো মুরগির মাংস খেয়েছেন?

- Link: https://znews.news/%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%80%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%96%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b0%e0%a6%97%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be/
- Published: ২০২৬-০৭-১৬T১২:৫৬:৫৬+০৬:০০
- Author: znews

**জেড নিউজ , ঢাকা : **

প্রশ্ন: নবীজি (সা.) উটের মাংস, ছাগল-দুম্বা ইত্যাদির মাংস খেয়েছেন বলে জানি, তিনি 
কি কখনও মুরগি খেয়েছেন? নবীজি (সা.) কোন মাংস বেশি পছন্দ করতেন?

উত্তর: আরবে উট, ছাগল ও দুম্বার মাংস ছিল বহুল প্রচলিত খাবার। মুরগির মাংস সে রকম বহুল
প্রচলিত না হলেও মুরগির মাংস খাওয়ারও প্রচলন ছিল। নবীজিও (সা.) মুরগির মাংস খেয়েছেন
বলে বর্ণনা করেছেন নবীজির (সা.) সাহাবি আবু মুসা আশআরী (রা.)।

যাহদাম (রহ.) থেকে বর্ণিত তিনি বলেন, আমরা আবু মুসা আশআরীর (রা.) কাছে ছিলাম। এক পর্যায়ে
খাবার আনা হলো। তাতে ছিল মুরগির মাংস। উপস্থিত লোকজনের মধ্যে লালচে রংয়ের এক ব্যাক্তি
ছিলেন। তিনি খাবার খেতে অনাগ্রহ প্রকাশ করলেন। আবু মুসা আশআরী (রা.) তখন বললেন, এগিয়ে
আসুন, আমি নবীজিকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মুরগির মাংস খেতে দেখেছি। (সহিহ
বুখারি: ৫৫১৭)

রাসুল (সা.) পশুর সামনের রানের মাংস খেতে পছন্দ করতেন বলে বর্ণনা করেছেন আবু হোরায়রা(
রা.)। তিনি বলেন, একবার রসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) জন্য কিছু মাংস
আনা হলো এবং তাঁর সামনে রানের অংশটিই রাখা হলো। তিনি তা খেতে বেশি পছন্দ করতেন। তিনি
ওই মাংস থেকে দাঁত দিয়ে কামড়ে খেলেন। (সুনানে তিরমিজি: ২৪৩৪)

তবে এ ব্যাপারে দ্বিমত করেছেন নবীজির (সা.) সহধর্মিনী উম্মুল মুমিনীন আয়েশা (রা.)। 
তিনি বলেন, সামনের রানের মাংস নবীজির (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কাছে বেশি প্রিয়
ছিল এ কথা সঠিক নয়। বরং প্রকৃত ব্যাপার হলো, নবীজি (সা.) অনেক দিন পর পর মাংস খেতে 
পেতেন। আর সামনের রানের মাংস যেহেতু সবচেয়ে দ্রুত সিদ্ধ হতো, তাই তিনি এটিই তার সামনে
দেওয়া হতো। (সুনানে তিরমিজি: ১৮৪৫)
