# নড়াইলে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর বানোয়াট: পুলিশ

- Link: https://znews.news/%e0%a6%a8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%81%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%98/
- Published: ২০২৬-১১-২১T১৪:১৬:৩৪+০৬:০০
- Author: znews

জেড নিউজ ডেস্ক:

নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতাকে হত্যার ঘটনার জেরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের
কয়েকজন নেতা-কর্মীর বাড়িতে হামলা হয়েছে। এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা,
অগ্নিসংযোগ ও লুটপাটের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে মিথ্যা ও বানোয়াট বলে
জানিয়েছে ‎নড়াইল পুলিশ।
 ‎ শনিবার নড়াইল পুলিশ সুপারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,
গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে কালিয়া থানার বেন্দারচর সেতু গেটসংলগ্ন বটতলায় বিএনপির
একটি মিছিলে হামলা চালান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এতে কালিয়া 
পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন শেখ (৪৫) এবং কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক
সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪০) নিহত হন। ‎ ‎এ ঘটনায় 
তাৎক্ষণিক অভিযান চালিয়ে দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১) নামে দুজনকে গ্রেপ্তার
করা হয়। তারা দুজনই কালিয়ার বেন্দারচর এলাকার বাসিন্দা। তাদের বাবার নাম বুলু বিশ্বাস। ‎
পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই হত্যাকাণ্ডের জেরে শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে
নিহত ব্যক্তিদের ক্ষুব্ধ আত্মীয়স্বজন এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মী
বেন্দারচর গ্রামে জড়ো হন। একপর্যায়ে তারা হত্যাকাণ্ডে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী
লীগের কয়েকজন নেতা-কর্মীর বাড়িতে হামলা চালিয়ে চলে যান। ‎ ‎সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা
হয়, বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের কোনো বসতি নেই। সেখানে হিন্দু পরিবারের বাড়িঘর
কিংবা কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া
বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ভিডিও ও তথ্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। পূর্বের
ঘটনার ভিডিও এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও ব্যবহার করে কার্যক্রম 
নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ ধরনের অপপ্রচার চালাচ্ছেন বলে দাবি করেছে পুলিশ। ‎ ‎
পুলিশ জানায়, হামলার খবর পেয়ে কালিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে
আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।
