# নটিংহামের কাছে হেরে প্রিমিয়ার লিগে চেলসির হারের হ্যাটট্রিক

- Link: https://znews.news/%e0%a6%a8%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%82%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf/
- Published: ২০২৬-১১-২৮T১২:২০:১২+০৬:০০
- Author: znews

জেড নিউজ স্পোর্টস:

ইগর জেসুসের দারুণ ভলি এবং মরগ্যান গিবস-হোয়াইটের জোড়া গোলে ধুঁকতে থাকা চেলসিকে ৩-
২ গোলে হারিয়েছে নটিংহ্যাম ফরেস্ট। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচে পরাজয়ের তিক্ত
স্বাদ পেল চেলসি।

শুক্রবার রাতে নটিংহাম ফরেস্টের বিপক্ষে হেরেছে ব্লুজরা। সব প্রতিযোগিতা মিলিয়ে ছয় 
ম্যাচে এটি পঞ্চম হার শাবি আলোনসোর দলের।

সিটি গ্রাউন্ডে চেলসির বিপক্ষে নটিংহামের জয় ৩-২ ব্যবধানে। ১৯৯৭ সালের পর এই প্রথম 
ঘরের মাঠে চেলসিকে হারাল নটিংহাম শহরের ক্লাবটি।

গত সপ্তাহে লিডসের কাছে নিজেদের মাঠে ৪-১ গোলে হারের পর একাদশে পরিবর্তন এনেছিলেন চেলসি
কোচ শাবি আলোনসো। লেভি কোলউইলকে বাদ দিয়ে মাঝমাঠের মইসেস কাইসেদোকে রক্ষণে খেলান তিনি।
তবে সেই কৌশল খুব একটা কাজে দেয়নি।

ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় নটিংহাম। ডান দিক থেকে আসা ড্যানিয়েল মুনোজের ক্রসে
দারুণ এক ভলিতে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ইগর জেসুস। ১৫ গজ দূর থেকে নেওয়া
তার শট ঝাঁপিয়েও ঠেকাতে পারেননি গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ।

প্রথমার্ধে লক্ষ্যে কোনো শটই নিতে পারেনি চেলসি। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকেরা।
সাবেক চেলসি স্ট্রাইকার লিয়াম ডেলাপকে ওয়েসলি ফোফানা ফাউল করলে পেনাল্টি পায় নটিংহাম।
স্পট কিক থেকে গোল করেন মর্গান গিবস-হোয়াইট।

ম্যাচের ৫৪তম মিনিটে ব্যবধান কমায় চেলসি। পেদ্রো নেতোর শট থেকে ফিরতি বল পেয়ে গোল করেন
বদলি নামা এমানুয়েল এমেঘা। ৭২তম মিনিটে আবার দুই গোলের ব্যবধান গড়ে ফরেস্ট। জাভের শ্লাগারের
মাপা পাস ধরে মার্তিনেজকে পরাস্ত করেন গিবস-হোয়াইট।

৮৯তম মিনিটে নেতোর ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করে ম্যাচে উত্তেজনা ফেরান এমেঘা।
তবে শেষ পর্যন্ত জয় ৩-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে নটিংহাম।

এই জয়ে পয়েন্ট টেবিলের ১৭তম স্থান থেকে ১৪ নম্বরে উঠে এসেছে ফরেস্ট। ১২ ম্যাচে ১২ পয়েন্ট
তাদের। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানেই রয়েছে চেলসি।

ম্যাচে চেলসির রক্ষণও ছিল নড়বড়ে। প্রিমিয়ার লিগে প্রথম ১২ ম্যাচে ২৩ গোল হজম করেছে 
তারা, ২০১৫-১৬ মৌসুমের পর একই সময়ে যা তাদের সর্বোচ্চ। শেষ দুই ম্যাচেই প্রতিপক্ষের
কাছে সাত গোল হজম করেছে শাবি আলোনসোর দল।
