# দেশে বড় বিনিয়োগ ও উৎপাদনে আগ্রহী টিপি-লিংক

- Link: https://znews.news/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%a1%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%93-%e0%a6%89%e0%a7%8e%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a6/
- Published: ২০২৬-০৫-১৭T১৭:৫১:৩৬+০৬:০০
- Author: znews

জেড নিউজ ডেস্ক:

বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রমে আগ্রহী প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান
টিপি-লিংক। আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে ‘১ গোল ১ নেটওয়ার্ক’ প্রচারণার উদ্বোধনী
অনুষ্ঠানে এই আগ্রহের কথা জানান টিপি-লিংক প্রাইভেট লিমিটেডের (সার্ক) ব্যবস্থাপনা 
পরিচালক লিন ওয়াং।

শনিবার রাজধানীর অদূরে একটি অবকাশ যাপনকেন্দ্রে ছিল ‘১ গোল ১ নেটওয়ার্ক’ প্রচারণা কার্যক্রমের
উদ্বোধন। প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান এক্সেল টেকনোলজিস লিমিটেডের আয়োজনে এ 
উপলক্ষে ছিল ‘এক্সপার্ট মিটআপ ও ক্যাম্পেইন লঞ্চিং প্রোগ্রাম’। এ উপলক্ষে এক সংবাদ 
সম্মেলনে বক্তব্য দেন এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা, পরিচালক
মোহাম্মদ মাসুদ হোসেন প্রমুখ।

লিন ওয়াং বলেন, ‘টিপি-লিংকের দর্শন হলো প্রতিটি বাড়ি, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠান যেন 
একটি নির্ভরযোগ্য, দ্রুতগতির ও সুরক্ষিত নেটওয়ার্কের আওতায় থাকে। বাংলাদেশের ডিজিটাল
রূপান্তরে টিপি-লিংক বদ্ধপরিকর। আমরা চাই, গ্রাহক যেন একটি নেটওয়ার্কের মাধ্যমেই সব
ডিভাইস সংযুক্ত রাখতে পারেন, সেই লক্ষ্যেই আমাদের যত উদ্ভাবন।’ তিনি জানান, সরকারের
অনুকূল নীতিমালার সুবিধা নিয়ে জনপ্রিয় নেটওয়ার্কিং ব্র্যান্ড টিপি-লিংক এখন ‘মেক ইন
বাংলাদেশ’ রূপকল্পের আওতায় বিভিন্ন উদ্যোগ যাচাই করছে।

এই আয়োজন প্রসঙ্গে এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা বলেন,‘
ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে দীর্ঘ পথচলা সেলিব্রেট এবং টিপি-লিংকের নতুন উদ্ভাবনগুলো
সম্পর্কে গ্রাহকদের জানাতেই এই মিলনমেলার আয়োজন করা হয়েছে। আধুনিক নেটওয়ার্কিং প্রযুক্তির
সম্ভাবনা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা হবে।’

আয়োজকেরা জানান, ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ‘১ গোল ১ নেটওয়ার্ক’ ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা
পণ্য কিনে ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। এমনকি প্রতি সপ্তাহে টেলিভিশন থেকে শুরু করে
পুরস্কার হিসেবে মোটরবাইক জিততে পারবেন। এক্সপেরিয়েন্স জোনে টিপি-লিংক ছাড়াও কোম্পানিটির
সাব-ব্র্যান্ড ওমাডা, ভিজি, ট্যাপো এবং মারকিউসিস-এর বেশ কিছু নতুন পণ্য পরখ করে দেখার
সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেশ কজন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ এবং এক্সেল টেকনোলজিসের
ব্যবসায়িক অংশীদার। অতিথিরা টিপি-লিংকের পণ্যের বাস্তব ব্যবহারিক সফলতা ও শিল্পোত্তর
চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করেন।
