# দেশে আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

- Link: https://znews.news/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%b2-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ae-2/
- Published: ২০২৬-১১-১৮T১০:২৭:৩৭+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)
এবার ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ
১৫ হাজার ৩৭৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

বুধবার (১৮ নভেম্বর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের
এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার মূল্য কমে যাওয়ায়
সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে ২২
ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের
দাম পড়বে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৬৯৫
টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি
স্বর্ণের দাম ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, রুপার দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি
গ্রাম রুপার দাম ২৯০ টাকা, ২১ ক্যারেটের ২৭৫ টাকা, ১৮ ক্যারেটের ২৩৫ টাকা এবং সনাতন
পদ্ধতির রুপার দাম প্রতি গ্রাম ১৮০ টাকা।

বাজুস জানিয়েছে, স্বর্ণ ও রুপার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। ফলে 
ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের নকশাভেদে মজুরি
প্রযোজ্য হবে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৯ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। 
যেখানে দাম ৬৫ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৭৩ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।
