# দুই যুগের বেশি সময় পর কেন সিনেমায়? কারণ জানালেন সুমাইয়া শিমু

- Link: https://znews.news/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%af%e0%a7%81%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8/
- Published: ২০২৬-১১-২৯T১৩:৩১:২৩+০৬:০০
- Author: znews

**জেড নিউজ ডেস্ক : **

গল্প ও চরিত্র পছন্দ হওয়ায় দুই যুগের বেশি সময় নাটকে অভিনয়ের পর ‘যাত্রা বিরতি’
সিনেমার মাধ্যমে সিনেমায় পা রাখছেন অভিনেত্রী সুমাইয়া শিমু। কাজী আসাদ পরিচালিত এই
সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা মোশাররফ করিম।

**কেন বড় পর্দায় এলেন সুমাইয়া শিমু**

টেলিভিশন নাটকে দীর্ঘ পথচলায় নানা চরিত্রে কাজ করলেও আগে কখনো সিনেমায় দেখা যায়নি
সুমাইয়া শিমুকে। এর আগেও সিনেমা থেকে প্রস্তাব পেলেও গল্প বা অন্য কারণে রাজি হননি
তিনি।

সিনেমায় যুক্ত হওয়ার কারণ জানিয়ে সুমাইয়া শিমু বলেন, ‘আমার দীর্ঘ অভিনয়জীবনে টেলিভিশনের
জন্য অনেক কাজ করেছি। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের সুযোগ হয়েছে। তবে সিনেমায় অভিনয়
করা হয়নি। বেশ কয়েকবার প্রস্তাবও পেয়েছি। কিন্তু কখনো গল্প, কখনো অন্য কোনো কারণে
কাজগুলো করা হয়নি। এরপর যখন ‘যাত্রা বিরতি’র চিত্রনাট্য হাতে পাওয়ার পর মনে হয়েছে,
এই গল্পটির সঙ্গে যুক্ত হওয়া যায়। গল্পটি পড়েই ভালো লেগেছে। চরিত্রটিও পছন্দ হয়েছে।
তাই এবার আর না করিনি।’

কাজ বাছাইয়ের ক্ষেত্রে নিজের ভাবনা তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমার কাছে কাজের ক্ষেত্রে
গল্প সব সময় গুরুত্বপূর্ণ। অভিনয়ের প্রস্তাব পেলেই কাজ করতে হবে, এমনটা কখনো ভাবিনি।
একটি গল্প আমাকে কতটা আকৃষ্ট করছে, সেখানে আমার অভিনয়ের সুযোগ কেমন এসব বিষয় বিবেচনা
করি। ‘যাত্রা বিরতি’র ক্ষেত্রেও সেটাই বিবেচনা করেছি। সিনেমার চিত্রনাট্য পড়েই মনে
হয়েছে, গল্পটি দর্শকের কাছে পৌঁছানো দরকার। এই সিনেমার গল্প ও চরিত্র দুটিই আমাকে 
আগ্রহী করেছে। সে কারণেই দীর্ঘদিন পর সিনেমায় কাজ করতে রাজি হয়েছি।’

নাটকে বহুবার একসঙ্গে অভিনয় করলেও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে এবারই প্রথম জুটি হিসেবে
কাজ করছেন সুমাইয়া শিমু ও মোশাররফ করিম।

গত ১৯ নভেম্বর শুরু হয়েছে ‘যাত্রা বিরতি’র শুটিং। কাজটি করতে বর্তমানে বরিশালে রয়েছেন
সুমাইয়া শিমু। বরিশালের পর্ব শেষ করে ইউনিটের কুয়াকাটায় যাওয়ার কথা রয়েছে। টানা
শুটিং চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত, এরপর ঢাকায় ফিরবেন শিল্পী ও কলাকুশলীরা।
