# দিল্লিতে ককরোচ পার্টির পদযাত্রায় পুলিশের লাঠিচার্জ, বন্ধ ইন্টারনেট

- Link: https://znews.news/%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%95%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%9a-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa/
- Published: ২০২৬-০৭-২০T১৭:০৫:৩৩+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:
 ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির সংসদ অভিমুখে পদযাত্রাকে
কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে দলটির প্রধান অভিজিৎ
দিপকে-কে পুলিশ তুলে নিয়ে গেছে বলে জানা গেছে। সোমবার (২০ জুলাই) সংগঠনের পক্ষ থেকে
এই তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে সিজেপি-র মুখপাত্র সৌরভ দাস দেশটির সংসদ সদস্যদের
ছাত্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এসময় তিনি আরো বলেন, ‘দীপকে পুলিশ তুলে নিয়ে গেছে।’

এর আগে পূর্বঘোষিত ‘সংসদ চলো’ কর্মসূচিতে অংশ নিতে হাজার হাজার সিজেপি সমর্থক জড়ো 
হন। তবে ভারতে যুবনেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টির সমর্থকদের সংসদ অভিমুখে পদযাত্রার
অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। আন্দোলনকারীরাও কর্মসূচি থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেয়নি।
এ অবস্থায় নতুন করে উত্তেজনা ও অচলাবস্থার আশঙ্কা দেখা দিয়েছে।

একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশটির শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জোরালো 
হচ্ছে।

জাতীয় মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অনিয়মের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। শনিবার অনশনরত সমাজকর্মী
সোনম ওয়াংচুককে পুলিশ জোর করে হাসপাতালে ভর্তি করার পর আন্দোলনটি নতুন করে গতি পায়।

পরে সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে নির্ধারিত পদযাত্রাকে কেন্দ্র করে শত শত
সমর্থক ইতোমধ্যে আন্দোলনস্থলে জড়ো হয়েছেন।
