# তুরস্কে প্রীতি ম্যাচের আমন্ত্রণ পেল বাংলাদেশ

- Link: https://znews.news/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9a%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86/
- Published: ২০২৬-১১-২৩T১২:৫২:২৯+০৬:০০
- Author: znews

জেড নিউজ স্পোর্টস:

ফিফা উইন্ডো নেই। তবু নতুন বছরের শুরুতেই আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ বাংলাদেশের
সামনে। জানুয়ারির মাঝামাঝি তুরস্কে এক বা একাধিক প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ জানিয়েছে
কিরগিজস্তান। সম্প্রতি কিরগিজস্তান ফুটবল ফেডারেশনের কাছ থেকে প্রস্তাব পেয়েছে বাফুফে।
শনিবার জাতীয় দল কমিটির সভায় বিষয়টি খতিয়ে দেখতে সাবেক এক ম্যানেজার ও কমিটির এক সদস্যকে
দায়িত্ব দিয়েছেন সভাপতি তাবিথ আউয়াল।

২০২৬ সালে আর ফিফা উইন্ডো নেই। পরবর্তী উইন্ডো ২০২৭ সালের ২২-৩০ মার্চ। বাংলাদেশ ফুটবল
লিগ ২৭ নভেম্বর শুরু হয়ে প্রথম লেগ শেষ হবে ১৬ জুন। এরপর দলবদলের বিরতিতে ম্যাচ আয়োজনের
ভাবনা রয়েছে। তবে ফিফা উইন্ডোর বাইরে হামজা চৌধুরী, ফারহান ও শমিতদের ক্লাব থেকে ছাড়
পাওয়ার সম্ভাবনা নেই। বিকল্প হিসাবে অনূর্ধ্ব-২৩ দল পাঠানোর পরিকল্পনাও রয়েছে। তুরস্কের
শীত, কিরগিজস্তানের সুযোগ-সুবিধা ও ঘরোয়া ফুটবলের পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেবে
বাফুফে।

তবে সভায় প্রীতি ম্যাচের চেয়ে বেশি উত্তাপ ছড়িয়েছে সাফ ব্যর্থতা। কোচ টমাস ডুলিকে প্রশ্নের
মুখে পড়তে হয়েছে। ম্যানেজার, দলনেতা ও সমন্বয়কারীর মধ্যে সমন্বয়হীনতা নিয়েও ক্ষোভ প্রকাশ
করেছেন সদস্যরা। পরিস্থিতির সমাধান না হওয়ায় তাবিথকেও কড়া প্রশ্নের মুখে ফেলেন এক সদস্য।

আসিয়ান কাপের পর সাফেও দলনেতা ছিলেন বাফুফে সদস্য ইকবাল হোসেন। ক্যাম্পে অনিয়মিত থাকার
পাশাপাশি প্রথম দুই ম্যাচেও ছিলেন না। সেমিফাইনালে আবার দলের সঙ্গে যোগ দেন। শুক্রবার
ম্যানেজার বাবুর সঙ্গে হামজার দুই হাত ধরে নামাজে নিয়ে যাওয়ার দৃশ্যও সমালোচিত হয়েছে।
জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে গুরুতর চোট পাওয়া সাদ উদ্দিনের যথাযথ খোঁজখবর না রাখার 
অভিযোগও উঠেছে। দায় নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন সাধারণ সম্পাদক ও জাতীয় দলসংশ্লিষ্ট 
নির্বাহী কর্মকর্তা।

ডুলির ঘন ঘন সাক্ষাৎকার এবং ইকবালের মন্তব্য আচরণবিধি লঙ্ঘনের প্রশ্ন তুলেছে। সাধারণ
সম্পাদক ও টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুকে আচরণবিধির রূপরেখা তৈরির নির্দেশ
দেওয়া হয়েছে। আসিয়ান কাপে নয় গোল হজম, নাইট ক্লাব বিতর্কের তদন্ত এবং কর্মকর্তাদের 
প্রতিবেদন না দেওয়ার বিষয়েও উত্তর মেলেনি। ডুলির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত পিছিয়েছে পরবর্তী
সভায়। ফুটবলসংশ্লিষ্টদের একাংশের ধারণা, বিতর্ক সামাল দিতেই এই বিলম্ব। সাফের আগে বাংলাদেশ
চ্যাম্পিয়ন হবে বলে আত্মবিশ্বাস দেখিয়েছিলেন তাবিথ। কিন্তু সেমিফাইনালেই বিদায়। শনিবার
সভা শেষে নিজে সংবাদমাধ্যমের সামনে না এসে পাঠিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যানকে।
