# তিন রূপে পর্দায় ফিরছেন মিম

- Link: https://znews.news/%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b0%e0%a7%82%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ae/
- Published: ২০২৬-০৪-০৯T১৩:২১:১২+০৬:০০
- Author: znews

**জেড নিউজ ডেস্ক : **

বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। অভিনয়ের শুরু থেকেই তিনি ধীরে ধীরে
নিজের জায়গা শক্ত করেছেন দর্শকের হৃদয়ে। তার অভিনীত প্রথম সিনেমা ‘আমার আছে জল’। এটি
পরিচালনা করেছিলেন কিংবদন্তি নির্মাতা হুমায়ূন আহমেদ। এরপর ‘জোনাকির আলো’ সিনেমায় অভিনয়ের
জন্য তিনি অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, যা তার ক্যারিয়ারে বড় এক মাইলফলক।

সেই শুরু থেকে এখন পর্যন্ত অসংখ্য নাটক, সিনেমা ও ওয়েব ফিল্ম-সিরিজে অভিনয় করে নিজেকে
প্রমাণ করেছেন মিম। দেশের গণ্ডি পেরিয়ে কলকাতার সিনেমাতেও অভিনয় করেছেন এই নন্দিত তারকা।
তার যাত্রার শুরুটা হয়েছিল জনপ্রিয় রিয়েলিটি শো লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার
মাধ্যমে, যেখানে তিনি বিজয়ী হয়েছিলেন।

বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন বিদ্যা সিনহা মিম। নতুন একটি সিনেমার শুটিং নিয়ে
ব্যস্ত থাকার পাশাপাশি তিনি আরও একটি সিনেমার শুটিং শেষ করেছেন। সম্প্রতি একটি ওয়েব
ফিল্মের কাজও সম্পন্ন করেছেন। সব মিলিয়ে সামনে আসছে তার তিনটি নতুন প্রজেক্ট, যেখানে
তিন ভিন্ন ধরনের চরিত্রে দেখা যাবে তাকে।

কিছুদিন আগে পর্যটন নগরী কুয়াকাটায় শুটিং করেছেন মিম। কাজী আজাদ পরিচালিত ‘লাইফ লাইন’
নামের একটি ওয়েব ফিল্মে তিনি অভিনয় করেছেন একেবারে নতুন একটি চরিত্রে। এ ওয়েব ফিল্মটি
মূলত একটি নারীর জীবনের নানা ঘটনা ও সংগ্রামকে ঘিরে নির্মিত হয়েছে।

এদিকে নতুন আরেকটি সিনেমা ‘জীবন অপেরা’-এর শুটিং শুরু করেছেন তিনি। সিনেমাটি পরিচালনা
করছেন আলভী আহমেদ।

অন্যদিকে সম্প্রতি সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এ সিনেমায়
প্রায় চার বছর পর আবারও জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। এর আগে তারা 
একসঙ্গে অভিনয় করেছিলেন ‘সাপলুডু’ সিনেমায়।

নতুন তিনটি প্রজেক্টে তিন ধরনের চরিত্র। সব মিলিয়ে সামনে দর্শকরা যেন নতুন নতুন রূপেই
আবিষ্কার করতে যাচ্ছেন বিদ্যা সিনহা মিমকে।
