# তবে কি ৪০ বছর পর কক্ষপথে খোঁজ মিলল সোভিয়েত মহাকাশযানের?

- Link: https://znews.news/%e0%a6%a4%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%95%e0%a6%bf-%e0%a7%aa%e0%a7%a6-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%aa%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%96%e0%a7%8b/
- Published: ২০২৬-১১-১৯T১৩:১২:৪১+০৬:০০
- Author: znews

জেড নিউজ ডেস্ক:

পৃথিবীর পাশ দিয়ে ছুটে চলেছে রহস্যে ঘেরা এক মহাজাগতিক বস্তু। প্রায় ১১ মিটার চওড়া 
বস্তুটির গতিপথ ও গতিতে দেখা যাচ্ছে অস্বাভাবিক পরিবর্তন। বিজ্ঞানীদের একাংশের ধারণা,
এটি কি তবে চার দশক আগে হারিয়ে যাওয়া সোভিয়েত মহাকাশযান ‘ফোবোস-১’?

মহাকাশে রহস্যময় এই বস্তুটির নাম ‘১৯৯৮ কেওয়াই২৬’। বিজ্ঞানীদের পর্যবেক্ষণে দেখা গেছে,
এর গতিপথ ও গতির পরিবর্তন শুধু সূর্য কিংবা পৃথিবীর মাধ্যাকর্ষণ দিয়ে ব্যাখ্যা করা 
যাচ্ছে না। এ ধরনের ঘটনাকে বলা হয় ‘নন-গ্র্যাভিটেশনাল অ্যাকসেলারেশন’। অর্থাৎ মাধ্যাকর্ষণ
ছাড়াও অন্য কোনো শক্তি বস্তুটির গতিকে প্রভাবিত করছে।

তবে এ নিয়ে আতঙ্কের কারণ নেই বলে জানিয়েছে নাসা। সংস্থাটির প্রধান জ্যারেড আইজ্যাকম্যান
জানিয়েছেন, বস্তুটি পর্যবেক্ষণে রাখা হয়েছে। পৃথিবীর জন্য এর কোনো পরিচিত হুমকি নেই।

হারিয়ে যাওয়া মহাকাশযানের সন্ধান? হার্ভার্ডের জ্যোতির্পদার্থবিদ আভি লোয়েব এবং তার
দুই সহকর্মী অ্যাডাম হিবার্ড ও অ্যাডাম ক্রোলের দাবি, ১৯৯৮ কেওয়াই২৬ হতে পারে নিখোঁজ
সোভিয়েত মহাকাশযান ‘ফোবোস-১’।

১৯৮৮ সালের ৭ জুলাই মঙ্গলগ্রহের উদ্দেশে্য যাত্রা শুরু করেছিল ফোবোস-১। কিন্তু গন্তব্যে
পৌঁছানোর আগেই পৃথিবীর সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর আর সন্ধান মেলেনি 
মহাকাশযানটির।

গবেষকেরা ফোবোস-১-এর একটি মডেল তৈরি করে সেটির সূর্যের আলো প্রতিফলন ও ঘূর্ণনের বৈশিষ্ট্যের
সঙ্গে রহস্যময় বস্তুটির তুলনা করেন। তাদের মতে, আটটি পৃথক পর্যবেক্ষণের ফলাফলের সঙ্গে
মডেলটির মিল রয়েছে। বস্তুটি সূর্যের প্রায় ৫২ শতাংশ আলো প্রতিফলিত করে এবং মাত্র ৫ 
দশমিক ৩৫ মিনিটে একবার পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে।

গ্রহাণু, নাকি কৃত্রিম বস্তু? তবে এ ধারণার সঙ্গে একমত নন সব বিজ্ঞানী। ২০২৩ সালের 
একটি গবেষণায় বস্তুটিকে ‘ডার্ক কমেট’ বা অন্ধকার ধূমকেতু বলে ধারণা করা হয়েছিল। এর 
ভেতরের পানি গ্যাসে পরিণত হয়ে গতিপথ পরিবর্তন করতে পারে বলে মনে করা হয়।

অন্য একটি গবেষণায় বলা হয়েছে, এটি সম্ভবত পানিশূন্য গ্রহাণু। সূর্যের বিকিরণও এর গতিপথ
পরিবর্তনের কারণ হতে পারে। ২০২৫ সালে ‘নেচার কমিউনিকেশনস’ সাময়িকীতে প্রকাশিত গবেষণায়
বস্তুটির ব্যাস প্রায় ১১ মিটার বলে উল্লেখ করা হয়।

২০৩১ সালেই মিলতে পারে উত্তর রহস্যের সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে জাপানের
হায়াবুসা-২ মহাকাশ অভিযান। পরিকল্পনা অনুযায়ী, ২০৩১ সালের জুলাইয়ে মহাকাশযানটির ১৯৯৮
কেওয়াই২৬-এর কাছে পৌঁছানোর কথা রয়েছে। কাছ থেকে ছবি ও তথ্য সংগ্রহ করে বস্তুটির প্রকৃত
পরিচয় জানা সম্ভব হতে পারে।

তত দিন পর্যন্ত সোভিয়েত মহাকাশযান হওয়ার ধারণাটি কেবল অনুমানই থাকছে। আভি লোয়েব মজা
করে বলেছেন, হায়াবুসা-২-এর ক্যামেরায় বরফের বদলে যদি ‘মেড ইন দ্য ইউএসএসআর’ লেখা দেখা
যায়, তবে অবাক হওয়ার কিছু থাকবে না!
