# ঢাকা-গাজীপুরে চার বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

- Link: https://znews.news/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%97/
- Published: ২০২৬-১১-১০T১০:২৯:৪৪+০৬:০০
- Author: znews

**জেড নিউজ ডেস্ক : **

রাজধানী ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা
ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাজধানীর ফার্মগেট ও মিরপুরে দুটি বাসে এবং গাজীপুরের কালিয়াকৈরের
চন্দ্রায় দাঁড়িয়ে থাকা আরও দুটি বাসে আগুন দেওয়া হয়। একই দিন রাজধানীর বিভিন্ন স্থানে
ককটেল বিস্ফোরণের পাশাপাশি মানিকগঞ্জেও চারটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এ ছাড়া রাজধানীর পোস্তগোলা ব্রিজের ওপর একটি রিকশাভ্যানেও আগুন ধরিয়ে দেওয়া হয়। এসব
ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ফার্মগেটে বাসে আগুনের ঘটনায় 
মেট্রোরেল স্টেশনে ধোঁয়া ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। নিরাপত্তার স্বার্থে
প্রায় আধা ঘণ্টা বন্ধ রাখা হয় স্টেশনটি।

এদিকে রাজধানীর বনশ্রী ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ককটেল
বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত কয়েক দিনের 
বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনায় পৃথক অভিযানে রাজধানীতে আরও ১৫ জনকে গ্রেফতার
করা হয়েছে।

বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন 
আহমদ বলেছেন, ‘পতিত শক্তি এখানে অস্থিরতা সৃষ্টির জন্য মাঝে মধ্যে কিছু বাসে এবং কিছু
স্থাপনায় আক্রমণ করছে। এটা পুলিশ আইনানুগভাবে ব্যবস্থা নেবে, কঠোরভাবে দমন করবে। এটা
যারাই করুক, এরা সবাই দুষ্কৃতকারী।’

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের
একটি বাসে আগুন দেওয়া হয়। ঘটনার সময় বাসটিতে চালক, সহকারী কিংবা কোনো যাত্রী ছিলেন 
না। ফলে হতাহতের ঘটনা ঘটেনি। একই দিন সন্ধ্যার পর মিরপুরেও আরেকটি বাসে আগুন দেওয়ার
ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আকতার জানান, সন্ধ্যা
৬টা ৩৫ মিনিটে ফার্মগেটে বাসে আগুন লাগার খবর পান তারা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট
ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যা ৭টা ৯ মিনিটে আগুন পুরোপুরি নেভানো হয়।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে
যায়। বাসটির কাছেই মেট্রোরেল স্টেশনের ডিজেল জেনারেটর ছিল। সেখানে প্রায় এক হাজার লিটার
ডিজেল মজুত ছিল। আগুন সেখানে ছড়িয়ে পড়লে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল।

বাসের ধোঁয়া মেট্রোরেল স্টেশনে প্রবেশ করলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে
দ্রুত স্টেশন ছেড়ে বেরিয়ে যান। নিরাপত্তার কারণে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফার্মগেট স্টেশন
বন্ধ করে দেওয়া হয়। এ সময় যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার সুযোগ বন্ধ ছিল। পরে সন্ধ্যা
৭টা ২ মিনিটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, বাসটিতে 
কীভাবে আগুন দেওয়া হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ
করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে সন্ধ্যা পৌনে ৭টার দিকে পোস্তগোলা ব্রিজের ওপর একটি রিকশাভ্যানে আগুন দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

সোমবার সকাল থেকে রাত পর্যন্ত রাজধানীর একাধিক এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সকাল
সোয়া ৬টার দিকে বনশ্রীর জি-ব্লকে একটি ককটেল বিস্ফোরিত হয়। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শ্রাবণ সরদার ও রবিন
নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

এর আগে সকাল ৬টার দিকে মহাখালীর আমতলীতে উড়ালসড়কের ওপর থেকে একটি ককটেল নিক্ষেপ করা
হয়। বনানী থানার ওসি মো. সালাহউদ্দীন জানান, মোটরসাইকেলে আসা দুই যুবক উড়ালসড়ক থেকে
ককটেলটি ছুড়ে মারেন। সেটি বিস্ফোরিত হলেও কেউ আহত হননি।

সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময়
ঘটনাস্থল থেকে মোটরসাইকেলসহ দুজনকে আটক করা হয়। তারা হলেন মো. ফয়সাল ও সুকুমার হালদার।
তাদের কাছ থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায়ও একটি ককটেল বিস্ফোরিত
হয়। এ ঘটনায় দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। আটক ব্যক্তিরা
হলেন জাবির সালেহীন দিপু ও আব্দুল্লাহ আল জোবায়ের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল রতন বলেন, আটক একজনের ব্যাগে ককটেলসদৃশ
বস্তু পাওয়া গেছে। তবে সেগুলোতে মারাত্মক কোনো বিস্ফোরক উপাদান ছিল না।

এ ছাড়া সন্ধ্যায় মিরপুরে সরকারি বাঙলা কলেজের প্রধান ফটকের সামনেও ককটেল বিস্ফোরণের
ঘটনা ঘটে। এ সময় ফটকের পাশে থাকা কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

এর আগে রোববার রাত পৌনে ১২টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলের সাউথইস্ট ইউনিভার্সিটি এলাকায়
ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে সোমবার দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন 
দেওয়া হয়। কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুটি এবং বাসস্ট্যান্ড এলাকায়
আরও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন এ তথ্য
নিশ্চিত করেছেন।

একই দিন সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জেও প্রায় ১০ মিনিটের ব্যবধানে দুটি ককটেল নিক্ষেপ
ও বিস্ফোরণের ঘটনা ঘটে।

সোমবারের ঘটনার আগের রাতেও দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা
ঘটে। রোববার রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নিমতলা মোড়ে একটি ককটেল বিস্ফোরিত হয়। ঘটনাস্থল
থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। সদর মডেল থানার ওসি শাহীন আকন্দ 
বিষয়টি নিশ্চিত করেন।
