# ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

- Link: https://znews.news/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5-4/
- Published: ২০২৬-১১-২৩T১১:৪৭:৩৪+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

আবারও ভয়াবহ বায়ুদূষণের কবলে পড়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বিশ্বের ১২৬ শহরের তালিকায়
১১ নম্বরে রয়েছে ঢাকা। ঢাকার বায়ুমান স্কোর ১৫৫। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’
বলে বিবেচনা করা হয়।

অন্যদিকে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। যার বায়ুমান
স্কোর ২৭৯। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি
ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকার
শীর্ষ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। যার বায়ুমান স্কোর ২৭৯।

বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া দ্বিতীয়
স্থানে রয়েছে ভারতের রাজধানী নয়া দিল্লি। যার বায়ুমান স্কোর ২০৭। তালিকার তৃতীয় স্থানে
রয়েছে মিসরের কায়রো, যার বায়ুমান স্কোর ১৯৩। অন্যদিকে ১৭৭ স্কোর নিয়ে তালিকার চতুর্থ
স্থানে রয়েছে ভারতের আরেক শহর মুম্বাই এবং পঞ্চম স্থানে থাকা ভিয়েতনামের হ্যানয়ের বায়ুমান
স্কোর ১৭৭।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক 
ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১
থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে
১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই
অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’
বলে বিবেচিত হয়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো,
বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা
হয়, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো, ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের
ধুলা।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের ফলে স্ট্রোক,
হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের
সংক্রমণের কারণে মৃত্যুহার বেড়ে গেছে। এর ফলে বিশ্বব্যাপী প্রতিবছর আনুমানিক ৭০ লাখ
মানুষ মারা যায়।
