# ঢাকায় ফের জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

- Link: https://znews.news/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0/
- Published: ২০২৬-০৭-১৩T১২:৩৫:১২+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

সারাদেশে অব্যাহত টানা বৃষ্টিপাত রাজধানী ঢাকায় কিছুটা কমেছিল। রোববার বিকেল থেকে আবহাওয়া
ভালোই ছিল। ফলে শহরের জলাবদ্ধতাও কমতে শুরু করে। কিন্তু আজ সোমবার সকাল থেকে আবার শুরু
বৃষ্টি। এতে নগরের নিচু এলাকা ও সড়কগুলোতে নতুন করে জলাবদ্ধতার আশঙ্কা তৈরি করেছে।

বাংলা পঞ্জিকার আষাঢ়ের ২৯ তারিখে এসে বর্ষা যেন তার চিরচেনা রূপে ফিরেছে। কয়েক দিনের
টানা বর্ষণের পর সোমবার সকালেও আকাশ ভেঙে বৃষ্টি নামায় চরম ভোগান্তিতে পড়েছেন চাকরিজীবী,
শ্রমজীবী এবং শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

গণপরিবহন সংকটের সঙ্গে বৃষ্টিজনিত দুর্ভোগ মিলিয়ে নগরবাসীর দৈনন্দিন চলাচল হয়ে উঠেছে
আরও কঠিন।

এর আগে শনিবার রাত থেকে শুরু হওয়া ভারী বর্ষণে রোববার রাজধানীর অধিকাংশ প্রধান সড়ক 
ও অলিগলি  পানির নিচে চলে যায়। অনেক এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং বাসাবাড়িতে পানি
ঢুকে পড়ে।

যদিও রোববার বিকেল থেকে সোমবার ভোর পর্যন্ত বৃষ্টি কম থাকায় বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকার
পানি অনেকটাই নেমে যায়। তবে সকালে ফের বৃষ্টি শুরু হওয়ায় পরিস্থিতি আবারও খারাপ হওয়ার
আশঙ্কা দেখা দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ‘সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ঢাকায় ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এ সময় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে কুমিল্লায় ১০৭ মিলিমিটার।’ ১৩ জুলাই থেকে ১৫ জুলাই
তিন দিন বৃষ্টির তীব্রতা কিছুটা কম থাকবে। ১৬ জুলাই থেকে বৃষ্টিপাতের তীব্রতা আবার 
বাড়বে।

রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে
বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়
এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি
ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম
ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময়
সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
