# ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা, প্রস্তুতি সম্পন্নের নির্দেশ প্রধান উপদেষ্টার

- Link: https://znews.news/%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9%e0%a7%87/
- Published: ২০২৫-১০-২৯T১৭:১৮:৩২+০৬:০০
- Author: Z News

জেড নিউজ, ঢাকা:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে। নির্বাচন
সুষ্ঠু ও নিরাপদভাবে আয়োজনের জন্য আগামী ১৫ নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্নের
নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ১ নভেম্বর থেকে নির্বাচনকালীন পদায়ন কার্যক্রম শুরু হবে। তবে পূর্ববর্তী
তিন জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের এবারে রাখা হবে না বলে সরকারের 
সিদ্ধান্ত রয়েছে। নির্বাচনের সময়সূচি ও সংশ্লিষ্ট অন্যান্য দিক নিয়ে বিস্তারিত তথ্য
শিগগিরই জানানো হবে।

প্রধান উপদেষ্টার বরাত দিয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাচন বানচালের জন্য দেশের
ভেতর ও বাহির থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটখাটো নয় বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের
চেষ্টা করা হবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে, এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। তবে,
যত ঝড়ঝাপ্টা আসুক না কেন, আমাদের সেটা অতিক্রম করতে হবে।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন— সোশ্যাল মিডিয়ার অপপ্রচার আসবে। নির্বাচনকে
বানচাল করার জন্য দেশের ভেতর থেকে, বাইরে থেকে খুবই পরিকল্পিতভাবে নানা রকম অপপ্রচার
চালানো হবে। এআই ছবি-ভিডিও তৈরি করে ছেড়ে দেওয়া হবে। এটাকে সামাল দিতেই হবে। একটা
অপপ্রচারের রচনা হওয়া মাত্র সেটা ঠেকাতে হবে, যেন ছড়াতে না পারে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, আগামী নির্বাচন সুন্দর ও উৎসবমুখর করতে হলে মানুষের কাছে
পৌঁছাতে হবে। নির্বাচনী নীতিমালা, ভোটকেন্দ্রের নিয়ম, কীভাবে ভোট প্রদান করতে হবে,
কোথাও বিশৃঙ্খলা হলে কী করতে হবে— এসব বিষয়ে মানুষকে সচেতন করতে হবে।

নির্বাচন কমিশন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে আরও বেশি সংখ্যক টিভিসি, ডকুমেন্টারি
বা ভিডিও তৈরি করা এবং তা যেন খুব দ্রুত ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় আসে, সেই নির্দেশ
দিয়েছেন প্রধান উপদেষ্টা। সবাই যেন এটা দেখে নিজেরাই অনেক ক্ষেত্রে প্রস্তুত হতে পারে,
সেই উদ্দেশ্যেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন প্রেস সচিব।
