# ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা-ভাঙচুর

- Link: https://znews.news/%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b8%e0%a6%95-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%a8%e0%a7%87/
- Published: ২০২৬-১১-১৮T১৩:১৭:৪১+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম 
খান মিল্টনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে মিরপুর-
১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে এ হামলা চালানো হয়। এতে অন্তত দুই থেকে তিনজন
আহত হয়েছেন বলে জানিয়েছেন কার্যালয়ের কর্মকর্তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার পর লাঠি, ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে ১০০ থেকে
১৫০ জনের একটি দল ভবনটিতে হামলা চালায়। হামলাকারীরা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলেও
কাচের দরজার কারণে তা সম্ভব হয়নি বলে দাবি করেছেন কার্যালয়ের কর্মকর্তারা।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভবনের সামনের কাচের দেয়াল ভেঙে ফেলা হয়েছে। লিফটের চারপাশের
ঘেরাওয়ের অংশও ভাঙচুর করা হয়েছে। হামলার পর ভবনের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। সেখানে
বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অবস্থান নেন।

শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী জানান,
গত এক সপ্তাহ ধরে বিভিন্ন গোয়েন্দা তথ্যের মাধ্যমে সম্ভাব্য হামলার বিষয়ে তারা সতর্ক
ছিলেন। এ পরিস্থিতিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও
সদস্যসচিবের নির্দেশনায় বিভিন্ন থানার নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় অবস্থান নেন। ঘটনার
সময় তারাও ওই ভবনে ছিলেন।

মামুন পাটোয়ারী বলেন, সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে হঠাৎ ২০ থেকে ২৫ জন পুরুষ ও শতাধিক 
নারী এসে কার্যালয়ে হামলা চালান। এ সময় তারা ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে ভেতরে থাকা
লোকজনের ওপর আক্রমণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারা সেখান থেকে সরে
যেতে বাধ্য হন।

তিনি অভিযোগ করেন, হামলার বিষয়ে পুলিশকে জানানো হলেও অধিকাংশ ভাঙচুরের ঘটনা ঘটে যাওয়ার
পর পুলিশ ঘটনাস্থলে আসে।

মামুন পাটোয়ারীর দাবি, হামলাটি মূলত শফিকুল ইসলাম খান মিল্টনকে লক্ষ্য করে চালানো হয়েছে।
ভবনের অন্য স্থাপনার তুলনায় তাদের কার্যালয়েই বেশি ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া ভবনে থাকা
মিল্টনের ছবিও ভাঙচুর করা হয়েছে। সম্প্রতি ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানোর
বিষয়টি হামলার পেছনে কারণ হতে পারে বলে মনে করছেন তিনি।

হামলার পর ভবনটি ঘিরে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেন। তবে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী
বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে জানা গেছে।
