# টানা দ্বিতীয় দিনের মতো কমল বিশ্ববাজারে তেলের দাম

- Link: https://znews.news/%e0%a6%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%95/
- Published: ২০২৬-১১-১০T১০:৪৪:৪০+০৬:০০
- Author: znews

**জেড নিউজ ডেস্ক : **

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা কিছুটা কমে আসায় বিশ্ববাজারে টানা দ্বিতীয়
দিনের মতো কমেছে জ্বালানি তেলের দাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে
আপাতত নতুন করে সামরিক হামলা না চালানোর ইঙ্গিত দেওয়ার পর সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা
কমেছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে।

মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭০ সেন্ট
বা শূন্য দশমিক ৭৫ শতাংশ কমে ৯১ ডলার ৮৮ সেন্টে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের
ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৭৮ সেন্ট বা শূন্য দশমিক ৯০ শতাংশ
কমে ব্যারেলপ্রতি ৮৬ ডলার ৭ সেন্টে নেমেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, দিনের লেনদেনের শুরুতে উভয় ধরনের তেলের
দাম প্রায় ১ শতাংশ কমেছিল। এর আগের কার্যদিবসেও ব্রেন্ট ক্রুডের দাম ৫ দশমিক ৮৫ শতাংশ
কমে ৩১ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।

সোমবার (৯ নভেম্বর) ট্রাম্প জানান, আপাতত ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালানোর
পরিকল্পনা স্থগিত রাখবেন তিনি। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের নেতার অনুরোধের পর এ সিদ্ধান্তের
কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। তাঁদের মধ্যে কাতারের প্রধানমন্ত্রীও রয়েছেন। হোয়াইট
হাউসে আলোচনার সময় তিনি ট্রাম্পকে হামলা না চালানোর অনুরোধ জানান।

তবে সামরিক হামলা আপাতত স্থগিত রাখলেও হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত
রাখার পরিকল্পনার কথা জানিয়েছেন ট্রাম্প।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী
নির্বাচনের পর ইরান ইস্যুতে ট্রাম্পের তুলনামূলক নমনীয় অবস্থানকে গুরুত্ব দিচ্ছে তেলের
বাজার। হরমুজ প্রণালির আশপাশে জাহাজে হামলার ঘটনা ঘটলেও তা এখন পর্যন্ত বাজারে নতুন
করে বড় ধরনের ঝুঁকির প্রভাব তৈরি করেনি।

এদিকে রয়টার্সের এক জরিপে দেখা গেছে, অক্টোবরে ওপেকভুক্ত দেশগুলোর তেল উৎপাদন বেড়েছে।
বিশেষ করে সউদী আরব, কুয়েত ও ইরাকের উৎপাদন বৃদ্ধির কারণে এ প্রবৃদ্ধি হয়েছে। তবে রপ্তানির
ক্ষেত্রে এখনো কিছু সীমাবদ্ধতা রয়েছে।

গত ৩০ অক্টোবর ব্রেন্ট ক্রুডের দাম ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে ব্যারেলপ্রতি
১১৮ ডলারে পৌঁছেছিল। সেখান থেকে এখন পর্যন্ত দাম প্রায় ২২ শতাংশ কমেছে। ইরানের বিরুদ্ধে
যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান আরও বাড়ার আশঙ্কা কমে আসায় বাজারে এই দরপতন হয়েছে। তবে
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ার ঝুঁকি এখনো রয়ে গেছে। তথ্যসূত্র: রয়টার্স
