# ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা দেশের যেসব অঞ্চলে

- Link: https://znews.news/%e0%a6%9d%e0%a7%8b%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%8b-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%ac%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f/
- Published: ২০২৬-০৫-১৩T১২:৫০:৫৪+০৬:০০
- Author: znews

**জেড নিউজ, ঢাকা:**

দেশের আট অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি
হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় ওই এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত
দেখাতে বলা হয়েছে।

বুধবার (১৩ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ভোর
৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য প্রকাশিত পূর্বাভাসে 
এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা,
বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক
থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি
বা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে 
বলা হয়েছে।

অন্যদিকে মঙ্গলবার (১২ মে) রাতে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য আবহাওয়ার পূর্বাভাসে
বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়
বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়
এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ
হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি
ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা
প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
