# জুলাইয়ে ৫৬ হাজার কোটি টাকা ঋণ, পরিশোধ সাড়ে ৪৮ হাজার কোটি

- Link: https://znews.news/%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a7%ab%e0%a7%ac-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9f%e0%a6%be/
- Published: ২০২৬-০৮-২৩T১২:০৫:৩৯+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ব্যাংক খাত থেকে ট্রেজারি বিল ও বন্ডের মাধ্যমে ৫৬
হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। একই সময়ে পরিশোধ করেছে প্রায় ৪৮ হাজার ৫০০ কোটি টাকা।
ফলে মাসটিতে ব্যাংক খাতে সরকারের নিট ঋণ দাঁড়িয়েছে ৭ হাজার ৫০০ কোটি টাকা।
 বাংলাদেশ
ব্যাংকের ‘মানি মার্কেট ডিনামিকস’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মুদ্রাবাজার,
সুদের হার ও তারল্য পরিস্থিতি নিয়ে প্রতি মাসে প্রতিবেদনটি প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক।
প্রতিবেদন অনুযায়ী, জুলাইয়ে সরকারি ট্রেজারি বিলের চারটি নিলাম অনুষ্ঠিত হয়।

এসব নিলামের মাধ্যমে ৪৪ হাজার কোটি টাকা ঋণ নেয় সরকার। আগের মাসের তুলনায় এ ঋণ ৬ হাজার
কোটি টাকা বা ১৫ দশমিক ৭৯ শতাংশ বেশি। একই সময়ে ৩৯ হাজার কোটি টাকার ট্রেজারি বিল পরিশোধ
করা হয়। ফলে বিলের মাধ্যমে সরকারের নিট ঋণ দাঁড়ায় ৫ হাজার কোটি টাকা।

অন্যদিকে জুলাইয়ে দুই থেকে ২০ বছরমেয়াদি ট্রেজারি বন্ডের তিনটি নিলাম অনুষ্ঠিত হয়। 
এর মাধ্যমে ১২ হাজার কোটি টাকা ঋণ নেওয়া হয়। একই সময়ে পরিশোধ করা হয় ৯ হাজার ৫০০ কোটি
টাকা। ফলে বন্ডে সরকারের নিট ঋণ দাঁড়ায় ২ হাজার ৫০০ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের 
তথ্য অনুযায়ী, জুলাইয়ে ট্রেজারি বিল-বন্ডের সুদহারও বেড়েছে।

৫ জুলাই ৯১ দিন মেয়াদি ট্রেজারি বিলের ইল্ড ছিল ৯ দশমিক ৩৩ শতাংশ। ২৬ জুলাই তা বেড়ে
৯ দশমিক ৭৯ শতাংশে ওঠে। এ মেয়াদের বিলের মাধ্যমে জুলাইয়ে ২০ হাজার কোটি টাকা ঋণ নেওয়া
হয়। ১৮২ দিন মেয়াদি বিলের ইল্ড মাসের শুরুতে ৯ দশমিক ৫৭ শতাংশ থাকলেও শেষে বেড়ে ৯ দশমিক
৯৯ শতাংশে দাঁড়ায়। ৩৬৪ দিন মেয়াদি বিলের ইল্ড জুলাইয়ের শেষ সপ্তাহে ১০ দশমিক শূন্য 
৯ শতাংশে ওঠে।
 অর্থনীতিবিদ ও ব্যাংকাররা বলছেন, রাজস্ব আদায় কাঙ্ক্ষিত হারে না বাড়ায়
সরকারের ঋণনির্ভরতা বাড়ছে। ঋণ নিয়ে ঋণ পরিশোধের এ প্রবণতা অব্যাহত থাকলে সরকারের সুদ
ব্যয় বাড়ার পাশাপাশি বেসরকারি খাতও চাপে পড়বে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, সরকারের চাহিদা
অনুযায়ী ট্রেজারি বিল-বন্ডের মাধ্যমে ঋণের জোগান দেওয়া কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব।
এ ঋণ কিভাবে পরিশোধ হবে, তা সরকারকেই ভাবতে হবে। রাজস্ব আদায় প্রত্যাশা অনুযায়ী না 
হওয়ায় সরকারের ঋণনির্ভরতা বাড়ছে বলেও তিনি জানান।

চলতি অর্থবছরের বাজেটে ব্যাংক খাত থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য 
নির্ধারণ করেছে সরকার। এর আগে ২০২৫-২৬ অর্থবছরে এ লক্ষ্য ছিল ১ লাখ ৪ হাজার কোটি টাকা।
পরে সংশোধিত বাজেটে তা বাড়িয়ে ১ লাখ ১৮ হাজার কোটি টাকা করা হয়। শেষ পর্যন্ত সংশোধিত
লক্ষ্যের চেয়েও বেশি ঋণ নেয় সরকার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অর্থবছরে ব্যাংক খাত থেকে সরকারের ঋণ নেওয়ার প্রবৃদ্ধি
ছিল ৩৪ শতাংশের বেশি। বিপরীতে একই সময়ে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ছিল মাত্র ৪ দশমিক
৪৭ শতাংশ, যা ইতিহাসের সর্বনিম্ন।

সাবেক অর্থসচিব ও মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন,
সরকারের আয়ের সক্ষমতার তুলনায় ব্যয় অনেক বেশি। এ কারণে ঘোষিত লক্ষ্যের চেয়েও বেশি ঋণ
নিতে হচ্ছে। ট্রেজারি বিল-বন্ডের সুদহার বেশি থাকায় সরকারের ঋণ ব্যয়ও বাড়ছে। ব্যয় কমিয়ে
আয় বাড়ানোর কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়।
