# জাল নোট শনাক্তে জনসচেতনতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের

- Link: https://znews.news/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%9f-%e0%a6%b6%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%9a%e0%a7%87%e0%a6%a4%e0%a6%a8%e0%a6%a4-2/
- Published: ২০২৬-১১-১৯T১৩:০৭:১৪+০৬:০০
- Author: znews

**জেড নিউজ ডেস্ক : **

জাল নোটের বিস্তার ও প্রচলন রোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সবাইকে সতর্ক থাকার আহ্বান
জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং সোনালী
ব্যাংকের বরগুনা শাখার ব্যবস্থাপনায় আয়োজিত দিনব্যাপী সচেতনতামূলক কর্মশালায় এ আহ্বান
জানানো হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল কার্যালয়ের
পরিচালক এমদাদুল হক।

এমদাদুল হক বলেন, জাল নোটের বিস্তার রোধে আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে সাধারণ
মানুষকে ধারণা দিতে হবে। আসল নোটে বিশেষ নকশা, নিরাপত্তা সুতা, জলছাপ ও স্পর্শে অনুভবযোগ্য
বিশেষ চিহ্ন থাকে। এসব বৈশিষ্ট্য যাচাই করে নোট গ্রহণের পরামর্শ দেন তিনি। একই সঙ্গে
জাল নোট তৈরি ও বাজারজাতকরণে জড়িত চক্রের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান
তিনি।

কর্মশালায় সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসির বরগুনা শাখার সহকারী মহাব্যবস্থাপক
মো. হাবিবুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল কার্যালয়ের
যুগ্ম-পরিচালক মো. জাহিদুল ইসলাম, বরগুনা প্রেস ক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান এবং
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাছনাইন পারভেজ।

কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে জাল নোটের বিভিন্ন বৈশিষ্ট্য ও আসল নোটের নিরাপত্তাব্যবস্থা
তুলে ধরা হয়। এতে জেলার বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
