# জানুয়ারিতে আবেদন, ফেব্রুয়ারি থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

- Link: https://znews.news/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a6%e0%a6%a8-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0/
- Published: ২০২৬-১১-০৯T১৫:৫৯:০৫+০৬:০০
- Author: znews

জেড নিউজ ডেস্ক:

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ 
শুরু হবে আগামী বছরের জানুয়ারিতে। আর ভর্তি পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি থেকে। বিশ্ববিদ্যালয়গুলোর
মধ্যে সমন্বয়ের মাধ্যমে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে।

একই সঙ্গে পবিত্র রমজান মাস বিবেচনায় রেখে ভর্তি পরীক্ষার সময়সূচি তৈরির জন্য উপাচার্যদের
অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

সোমবার (৯ নভেম্বর) ইউজিসি কার্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময়
সভা শেষে এসব তথ্য জানান কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

তিনি বলেন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি, শিক্ষার্থীদের স্বার্থ এবং
বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রমের মধ্যে সমন্বয় নিয়ে সভায় আলোচনা হয়েছে। আলোচনার
ভিত্তিতে আগামী জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ এবং ফেব্রুয়ারি থেকে পরীক্ষা
আয়োজনের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মধ্যে সমন্বয় 
করে পরীক্ষার তারিখ নির্ধারণ ও ঘোষণা করবে।

ভর্তি পরীক্ষার সময়সূচি তৈরির ক্ষেত্রে পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনায় রাখার জন্য
উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে বলে জানান ইউজিসি চেয়ারম্যান। ইতোমধ্যে যেসব বিশ্ববিদ্যালয়
ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায়
নিয়ে তাদের ঘোষিত সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার তারিখ যেন পরস্পরের সঙ্গে
সাংঘর্ষিক না হয়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা যাতে একাধিক
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান, তা নিশ্চিত করতে চায় ইউজিসি।

এর আগে অনুষ্ঠিত সভায় দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ইউজিসির সদস্য
এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
