# জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রতি তুরস্কের সমর্থন

- Link: https://znews.news/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%82%e0%a6%98-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8/
- Published: ২০২৬-০৩-১২T১৭:৫০:৫২+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়েছে
তুরস্ক। বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের
সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন সৌজন্য সাক্ষাতকালে এ সমর্থন ব্যক্ত
করেন।

তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎকালে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দ্বিপাক্ষিক 
সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। দু’দেশের মধ্যে
বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, প্রতিরক্ষা সহযোগিতা, শিক্ষা ও সংস্কৃতি বিনিময়, প্রযুক্তি
ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় হয়।

এছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু, বিশেষ করে মুসলিম বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ
মোকাবিলা, মানবিক সহযোগিতা এবং আন্তর্জাতিক মঞ্চে পারস্পরিক সমর্থন জোরদারের বিষয়েও
আলোচনা হয়।

উভয় পক্ষ বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতাকে ভবিষ্যতে
আরও সুদৃঢ় করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার
ভিত্তিতে দুই দেশের জনগণের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
