# ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংক অফিসে আগুন

- Link: https://znews.news/%e0%a6%9c%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc/
- Published: ২০২৬-১১-১১T১২:৩২:২৯+০৬:০০
- Author: znews

জেড নিউজ ডেস্ক:

পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 
স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগানে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে চলে যায়।

গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে 
বলেন, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে দুর্বৃত্তরা সংস্থার শাখা অফিসের সাইন বোর্ডে
আগুন দেয়। পরে অফিসের থাইগ্লাসগুলো ভেঙে ফেলে।

যাওয়ার সময়ে অফিসের সামনের অংশে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। এ সময় ভেতরে থাকা নৈশপ্রহরী
আব্দুল ওহাবের চিৎকারে বাসার মালিক, অফিসের স্টাফসহ স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে 
আনেন বলে জানান এজিএম আসাদুজ্জামান।

আগুনে ব্যাংকের গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্রের ক্ষতি হয়নি জানিয়ে তিনি বলেন, এ ঘটনায়
পুলিশে অভিযোগের প্রস্তুতি চলছে।

গ্রামীণ ব্যাংক পাবনা দোগাছি শাখার ম্যানেজার হাসিবুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল 
পরিদর্শন করছে। তদন্ত শেষে জানাবে কে বা কারা আগুন দিয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই টহল
টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সকালে টিম গিয়ে তথ্য সংগ্রহ করেছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
