# ছাত্রদলের একযোগে ২৯ কমিটি ঘোষণা

- Link: https://znews.news/%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a7%87-%e0%a7%a8%e0%a7%af-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9f/
- Published: ২০২৬-০৫-০৩T১৩:৫৭:৫৯+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে এবার দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি
বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং জেলা ও মহানগরে একযোগে ২৯টি কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ
জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন
স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটিগুলো অনুমোদন করা হয়।

মহানগর ও জেলা পর্যায়ে ঢাকা মহানগরের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম—এ চারটি গুরুত্বপূর্ণ
ইউনিটেরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়েছে। এছাড়া ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা,
জামালপুর মহানগর এবং নেত্রকোনা, নরসিংদী, হবিগঞ্জ, খাগড়াছড়ি ও মানিকগঞ্জ জেলায় পূর্ণাঙ্গ
কমিটি দেওয়া হয়েছে। কুমিল্লা মহানগরে ঘোষণা করা হয়েছে আংশিক পূর্ণাঙ্গ কমিটি।

বিশ্ববিদ্যালয় পর্যায়ের মধ্যে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও রাঙ্গামাটি বিজ্ঞান
ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি এবং বরিশাল, রবীন্দ্র, কিশোরগঞ্জ ও পুণ্ড্র
বিশ্ববিদ্যালয়ে আংশিক কমিটি দেওয়া হয়েছে। পাশাপাশি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ে বর্ধিত কমিটি এবং ময়মনসিংহ, সিরাজগঞ্জ ও জামালপুর মেডিকেল কলেজে আংশিক
কমিটি অনুমোদন করা হয়েছে।

কলেজগুলোর মধ্যে ময়মনসিংহের আনন্দমোহন কলেজে পূর্ণাঙ্গ এবং জয়পুরহাট সরকারি কলেজ,
হাজী মিছির আলী ডিগ্রি কলেজ ও নারায়ণগঞ্জ কলেজে আংশিক পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে।

অন্যদিকে রাজধানীর ঢাকা কলেজে নতুন করে বর্ধিত কমিটি অনুমোদন করা হয়েছে।

মূলত সংগঠনের গতিশীলতা বাড়াতেই এই ব্যাপক রদবদল ও নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে।
