# চট্টগ্রামে ভূমি অফিস ও পুলিশ বক্সে আগুন

- Link: https://znews.news/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%ad%e0%a7%82%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%85%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%93-%e0%a6%aa%e0%a7%81/
- Published: ২০২৬-১১-২৬T১৭:৫৩:৫৩+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

চট্টগ্রাম নগরীর পৃথক দুটি স্থানে একটি ইউনিয়ন ভূমি অফিস ও একটি ট্রাফিক পুলিশ বক্সে
আগুন দেওয়া হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) গভীর রাত থেকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরের
মধ্যে নগরীর উত্তর কাট্টলী ও হালিশহর এলাকায় এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

তবে স্থানীয়দের তৎপরতা ও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি
হয়নি।

পুলিশের প্রাথমিক ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা সৃষ্টির
উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

এছাড়া বৃহস্পতিবার ভোরে নগরীর বাকলিয়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকেও আগুন 
লাগার ঘটনা ঘটেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে উত্তর কাট্টলীর রাসমণি
ঘাট এলাকায় কাট্টলী সার্কেলের আওতাধীন একটি ইউনিয়ন ভূমি অফিসে আগুন দেওয়া হয়। ওই
সময় কার্যালয়টি তালাবদ্ধ ছিল।

কাট্টলী সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার আবু সালেহ মোহাম্মদ আরমান ভূঁইয়া জানান,
আগুনে কার্যালয়ের তেমন কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলেন, কে বা কারা বাইরে থেকে
কিংবা সীমানাপ্রাচীর টপকে ভেতরে ঢুকে জানালার পর্দায় আগুন ধরিয়ে দেয়। ধোঁয়া দেখতে
পেয়ে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিস সঙ্গে নিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে
ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে দ্রুত আগুন নেভানো হয়।

ওসি আরও জানান, ঘটনার সময় কার্যালয়ের সার্বক্ষণিক নিরাপত্তাপ্রহরী রাতের খাবার খেতে
বাইরে গিয়েছিলেন। আগুনের প্রকৃত উৎস খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে বৃহস্পতিবার ভোরে নগরীর হালিশহর থানার বড়পোল এলাকার একটি ট্রাফিক পুলিশ বক্সে
আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বক্সটির জানালা আংশিক পুড়ে যাওয়ার পাশাপাশি ধোঁয়ায় 
ভেতরের ও বাইরের দেয়ালের কিছু অংশ কালো হয়ে যায়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই স্থানীয়রা
তা নিভিয়ে ফেলেন।

হালিশহর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ বক্সে অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

অন্যদিকে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার জি-
ব্লকের ৬ নম্বর সড়কে পার্ক করে রাখা একটি ট্রাকে আগুন লাগে। খবর পেয়ে পুলিশ দ্রুত
ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে বাকলিয়া থানার ওসি শাহীনুর আলম বলেন, গত ১ নভেম্বর দুর্ঘটনায় ট্রাকটি দুমড়ে-
মুচড়ে গিয়েছিল। এরপর থেকে সেটি আবাসিক এলাকার ভেতরে পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছিল।
ভোরে সেই পলিথিনে আগুন ধরে যায়। এটি নাশকতা কিনা, তা এখনো নিশ্চিত নয়। ধারণা করা 
হচ্ছে, পাশের কোনো ভবন থেকে ফেলা বিড়ি-সিগারেটের জ্বলন্ত অংশ থেকে পলিথিনে আগুন লাগতে
পারে।
