# ঘনীভূত হতে পারে লঘুচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত বহাল

- Link: https://znews.news/%e0%a6%98%e0%a6%a8%e0%a7%80%e0%a6%ad%e0%a7%82%e0%a6%a4-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b2%e0%a6%98%e0%a7%81%e0%a6%9a%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%b8%e0%a6%ae/
- Published: ২০২৬-০৭-১৬T১২:০৮:৩৮+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত
লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে।

এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার
ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
দেখিয়ে যেতে বলা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় এ 
তথ্য জানানো হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি 
থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এর আগে গতকাল ১৫ জুলাই উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ
উপকূলীয় এলাকায় এ লঘুচাপ সৃষ্টি হয়। এরপর দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
দেখাতে বলে আবহাওয়া অধিদপ্তর।

৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা:

দেশের আট জেলার ওপর দিয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার
বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি
বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায়
এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম,
কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে
৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায়
বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এ অবস্থায় দেশের সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 
