# গরমে নারী-পুরুষের পাতলা পোশাক পরার বিধান

- Link: https://znews.news/%e0%a6%97%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%aa/
- Published: ২০২৬-০৫-০৯T১৩:৫০:১১+০৬:০০
- Author: znews

**জেড নিউজ, ঢাকা : **

গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ স্বস্তিদায়ক ও হালকা পোশাকের দিকে ঝুঁকে পড়ে।
বিশেষ করে প্রচণ্ড গরমে পাতলা কাপড় পরা অনেকের কাছে আরামদায়ক মনে হয়। কিন্তু একজন মুসলিমের
জীবন শুধু আরাম-আয়েশের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং প্রতিটি কাজকে শরিয়তের নির্দেশনার আলোকে
পরিচালিত করাই তার দায়িত্ব। পোশাক মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে, ব্যক্তিত্ব ফুটিয়ে 
তোলে এবং লজ্জাস্থান আবৃত রাখার মাধ্যমে মানবিক মর্যাদাকেও সংরক্ষণ করে।

তাই ইসলাম পোশাকের ক্ষেত্রে শুধু বাহ্যিক চাকচিক্য নয়; বরং শালীনতা, পবিত্রতা ও পর্দার
প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘হে আদম সন্তান! আমি তোমাদের জন্য 
এমন পোশাক অবতীর্ণ করেছি, যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে এবং সৌন্দর্য দান করে। আর
তাকওয়ার পোশাকই হলো সর্বোত্তম।’ (সুরা : আরাফ, আয়াত : ২৬)

অনেক মুসলিম নারী-পুরুষের মনেই প্রশ্ন জাগে—গরমের কারণে এমন পাতলা পোশাক পরা কতটুকু
বৈধ? ইসলাম কি এ বিষয়ে কোনো দিকনির্দেশনা দিয়েছে? মূলত শরিয়তের দৃষ্টিতে পোশাকের বৈধতা
নির্ভর করে সতর আবৃত থাকার ওপর। পোশাক এমন হতে হবে, যাতে শরীরের গোপনীয় অংশ ও আকৃতি
স্পষ্টভাবে প্রকাশ না পায়। আল্লাহ তাআলা বলেন, ‘তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না 
করে, তবে যা স্বাভাবিকভাবে প্রকাশিত হয় তা ছাড়া।’

এটি মানুষের প্রয়োজন ও স্বাভাবিক চাহিদাকে অস্বীকার করে না; আবার বেহায়াপনা ও অশালীনতাকেও
সমর্থন করে না। তাই গরমের কষ্ট লাঘবের জন্য হালকা ও আরামদায়ক পোশাক পরা বৈধ হলেও, তা
যেন শালীনতার সীমা অতিক্রম না করে, এ দিকেও সতর্ক থাকতে হবে। কেননা রাসুল (সা.) বলেছেন,‘
কোনো পুরুষ যেন অন্য পুরুষের সতরের দিকে না তাকায় এবং কোনো নারী যেন অন্য নারীর সতরের
দিকে না তাকায়।’ শরিয়তের মূলনীতি হলো, সতরের অংশ আবৃত রাখা ফরজ। আর পুরুষের সতর হলো
নাভি থেকে হাঁটু পর্যন্ত।

অর্থাৎ এতটুকু স্থান অন্য ব্যক্তিদের সামনে ঢেকে রাখা ফরজ। বাকি মানুষের সামনে যাওয়ার
সময় ক্ষেত্র ও সমাজ হিসেবে যা শালীন ও খোদাভীতি প্রকাশ করে এমন পোশাক পরিধান করা উত্তম।
আর নারীদের ক্ষেত্রে সতর আরো বিস্তৃত। মাহরামদের সামনে নারীদের সতর হলো মাথা, চুল, 
গর্দান, কান, হাত, পা, টাখনু, চেহারা, গর্দানসংশ্লিষ্ট সিনার ওপরের অংশ ছাড়া বাকি পূর্ণ
শরীর। (ফাতাওয়ায়ে হিন্দিয়া : ৫/৩২)

আর নারীদের নামাজের সময় হাত, পা, মুখ ছাড়া পূর্ণ শরীরই সতর। নারীদের জন্য অন্য সময় 
গায়রে মাহরামের সামনে পূর্ণ শরীরই সতর। তবে অতীব প্রয়োজনে চেহারা, পা ও হাত খোলা জায়েজ
আছে। যেমন—রাস্তায় প্রচণ্ড ভিড় হলে, আদালতে সাক্ষ্য দেওয়া ইত্যাদি।

তাই যদি কাপড় পাতলা হলেও সতরের অংশ প্রকাশ না পায় এবং শরীরের অশালীনতা ফুটে না ওঠে,
তাহলে তা পরার অবকাশ রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘মুমিনদের বলে দিন, তারা যেন তাদের 
দৃষ্টি নত রাখে এবং নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে।’

মূলত নিষেধাজ্ঞা এসেছে এমন পোশাকের ব্যাপারে, যা শরীরের গোপন অংশ প্রকাশ করে দেয় অথবা
মানুষের মাঝে ফিতনা সৃষ্টি করে।

বিশেষত নারীদের ক্ষেত্রে পোশাক এমন হওয়া জরুরি, যা ঢিলেঢালা ও অনাকর্ষণীয় হয়। কারণ 
ইসলাম নারীর মর্যাদা রক্ষা ও সমাজকে অশ্লীলতা থেকে নিরাপদ রাখার জন্য পর্দার প্রতি 
অধিক গুরুত্ব দিয়েছে। অন্যদিকে পুরুষদেরও এমন পোশাক পরা উচিত নয়, যা দৃষ্টি আকর্ষণ 
করে বা শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। মহানবী (সা.) বলেন, ‘জাহান্নামিদের
দুই শ্রেণিকে আমি এখনো দেখিনি… তাদের মধ্যে এক শ্রেণি হলো এমন নারী, যারা কাপড় পরিধান
করেও উলঙ্গ।’ (সহিহ মুসলিম, হাদিস নং : ২১২৪)
