# গণহত্যার ঘটনায় করা মামলায় সাবেক উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দীন মোল্লা কারাগারে

- Link: https://znews.news/%e0%a6%97%e0%a6%a3%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2/
- Published: ২০২৪-১০-৩১T১২:৫৬:০০+০৬:০০
- Author: Z News

জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় করা মামলায় গ্রেফতার হওয়া পরোয়ানাভুক্ত আসামি ঢাকা মহানগর
পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দীন মোল্লাকে কারাগারে
পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় প্রথম কোনো আসামি হিসেবে পুলিশের এ কর্মকর্তাকে কারাগারে
পাঠালো ট্রাইব্যুনাল। বুধবার বিকেলে এ সংক্রান্ত মামলায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা
হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি
মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের
অন্য সদস্যরা হলেন- বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী।

এদিন বিকেল সাড়ে ৩টার দিকে জসিম উদ্দীন মোল্লাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিকেল
৪টা ৩৫ মিনিটে শুরু হয় শুনানি। এর আগে গণহত্যায় অভিযুক্ত আসামি হিসেবে বুধবার সাবেক
ডিসি জসিম উদ্দিনকে রংপুর থেকে গ্রেফতার করে পুলিশ।

এর মাধ্যমে জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে গ্রেফতার হওয়া প্রথম কোনো আসামিকে ট্রাইব্যুনালে
হাজির করা হলো। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, প্রাথমিক তদন্তে
জসিম উদ্দীনের বিরুদ্ধে জুলাই-আগস্টের গণহত্যার সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ
পেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম।
