# খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ

- Link: https://znews.news/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b2-%e0%a6%ac%e0%a7%8b/
- Published: ২০২৬-১১-১৬T১০:৩৩:৩২+০৬:০০
- Author: znews

**জেড নিউজ ডেস্ক : **

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। 
রোববার রাত সাড়ে ১২টার দিকে নগর ভবনের সামনের সিঁড়ি লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করা 
হয়। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই যুবক নগর ভবনের সামনে আসে।
এরপর তারা ভবনের সিঁড়ি লক্ষ্য করে পেট্রোল বোমাটি ছুড়ে মারে। সিঁড়ির আশপাশে কাঠ বা 
কাগজের মতো দাহ্য পদার্থ না থাকায় আগুন ছড়িয়ে পড়েনি। অল্প সময় জ্বলার পর আগুন নিভে 
যায়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ
ঘটনাস্থলে যায়। পেট্রোল বোমাটি নগর ভবনের সিঁড়ির ওপর পড়েছিল। এতে বড় ধরনের কোনো ক্ষতি
হয়নি। শুধু সিঁড়িতে সামান্য দাগ পড়েছে।

ওসি আরও বলেন, যে মোটরসাইকেল থেকে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে, সেটি শনাক্ত করেছে
পুলিশ। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

লোকমান হোসেন বলেন, গত ২০ থেকে ২৫ দিনে খুলনা সদর থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ দলের
তেমন কোনো তৎপরতা ছিল না। আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে গভীর রাতে পেট্রোল বোমা নিক্ষেপ করে
হামলাকারীরা নিজেরাই ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে। অভিযুক্ত
ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
