# কুষ্টিয়ায় স্কুল ছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার ইমন

- Link: https://znews.news/%e0%a6%95%e0%a7%81%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80/
- Published: ২০২৬-১১-১০T১৬:৪০:০৬+০৬:০০
- Author: znews

জেড নিউজ ডেস্ক:

কুষ্টিয়া শহরে বাড়ির সামনে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করে পালিয়ে গিয়েও শেষ
রক্ষা হলো হলো না স্কুলছাত্র ইমনের। ঘটনার পর মাকে সাথে নিয়ে আত্মগোপনে যায় সে। তবে
পুলিশের অভিযান থেকে রেহাই পায়নি।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাটিকাবাড়ি
এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

ইমন ওই এলাকার আব্বাস উদ্দিনের ছেলে।

ওসি জাকির হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই ইমনকে গ্রেফতারে
পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছিল। প্রায় ২০ বছর আগে তার পরিবার পূর্ব
মজমপুর এলাকায় বসবাস শুরু করে। তার বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন। বড় ভাই আকাশ
থাকেন নেদারল্যান্ডসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর ইমন তার মাকে নিয়ে পূর্ব মজমপুরের মফিজ
উদ্দিন বিশ্বাস লেনের তেঁতুলতলা মাঠসংলগ্ন পাঁচতলা লিলি গার্ডেন ভবনের বাসা ছেড়ে পালিয়ে
যায়। এর আগে সোমবার দুপুর ১টা ১০ মিনিটে থানাপাড়ায় নিজ বাড়ির গেটের সামনে ছুরিকাঘাতের
শিকার হয় জাকিয়া সুলতানা (১৬)। স্কুল ছুটির পর বাড়ি ফিরে গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে
থাকার সময় কালো শার্ট পরা ইমন এসে ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে। জাকিয়ার চিৎকারে
স্থানীয়রা এগিয়ে এলে ছুরি ফেলে পালিয়ে যায় সে। পরে স্থানীয়রা জাকিয়াকে উদ্ধার করে কুষ্টিয়া
২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন।

পরিবারের অভিযোগ, একই কোচিং সেন্টারে পড়ার সুবাদে ইমন দীর্ঘদিন ধরে জাকিয়াকে উত্ত্যক্ত
ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। এসবের প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে সে জাকিয়ার ওপর হামলা চালায়।
এ ঘটনায় জাকিয়ার বাবা কুষ্টিয়া মডেল থানায় মামলা করেছেন বলে জানা যায়।
