# কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

- Link: https://znews.news/%e0%a6%95%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af-3/
- Published: ২০২৬-১১-১১T১৪:০৯:২১+০৬:০০
- Author: znews

জেড নিউজ ডেস্ক:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমকে হত্যার
দায়ে এক কবিরাজকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে এ রায় দেন কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের
বিচারক ইয়াছির আরাফাত। ট্রাইব্যুনালের এপিপি আবদুল মোতালেব মজুমদার এ তথ্য নিশ্চিত
করেছেন।

এছাড়াও দণ্ডিত মোবারক হোসেনকে মৃত্যুদণ্ডের পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা দিয়েছেন 
বিচারক।

জানা যায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোবারক হোসেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার কাবিলপুর গ্রামের
মৃত আবদুল জলিলের ছেলে। তিনি কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকায় বসবাস করতেন। পেশায় 
ঝাড়ফুঁক ও কবিরাজির কাজের পাশাপাশি নগরীর বাবুস সালাম জামে মসজিদের খাদেম হিসেবে দায়িত্ব
পালন করতেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকার
একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ 
শিক্ষাবর্ষের ছাত্রী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার দিনই অভিযান চালিয়ে মোবারক হোসেন নামের কবিরাজকে গ্রেপ্তার করা হয়। পরদিন রাতে
কুমিল্লার ১ নম্বর আমলি আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা 
স্বীকার করেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

জিজ্ঞাসাবাদে কবিরাজ মোবারক জানান, ঝাড়ফুঁকের সূত্রে সুমাইয়ার পরিবারের সঙ্গে মোবারকের
পরিচয় হয়। ঘটনার আগে প্রায় এক মাস ধরে তিনি ওই বাসায় যাতায়াত করতেন।

স্বীকারোক্তিতে তিনি উল্লেখ করেন, সুমাইয়াকে ঝাড়ফুঁক দেওয়ার সময় ধর্ষণের চেষ্টা করেন।
বিষয়টি তার মা দেখে ফেলায় প্রথমে তাহমিনা বেগমকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে সুমাইয়াকেও
হত্যা করেন কবিরাজ মোবারক।
