# কলকাতা নাইট রাইডার্সের মালিকানায় পরিবর্তন

- Link: https://znews.news/%e0%a6%95%e0%a6%b2%e0%a6%95%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%9f-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%a1%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae/
- Published: ২০২৬-১১-১৯T১২:৫৪:৫১+০৬:০০
- Author: znews

জেড নিউজ স্পোর্টস:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন আসর শুরুর আগেই মালিকানায় পরিবর্তন আনছে কলকাতা
নাইট রাইডার্স। ফ্র্যাঞ্চাইজিটির পুরো মালিকানা বিক্রি না হলেও নিজেদের অংশের একটি 
বড় অংশ ছেড়ে দিচ্ছেন অন্যতম মালিক জয় মেহতা। নিজের হাতে থাকা ২২.৫ শতাংশ শেয়ার মার্কিন
বিনিয়োগকারী প্রতিষ্ঠান অ্যারেস ম্যানেজমেন্টের কাছে বিক্রি করছেন তিনি।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, এই শেয়ার বিক্রির মূল্য নির্ধারণ
করা হয়েছে ৪০ কোটি মার্কিন ডলার। পুরো অর্থ নগদে পরিশোধের মাধ্যমে সম্পন্ন হতে যাওয়া
চুক্তিটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই লেনদেনের ভিত্তিতে কেকেআরের মোট মূল্য দাঁড়িয়েছে
প্রায় ১৭৮ কোটি ডলার, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৬ হাজার ৬৩৪ কোটি রুপি।

বর্তমানে কলকাতার ৪৫ শতাংশ মালিকানা রয়েছে জয় মেহতার হাতে। এর অর্ধেক অর্থাৎ ২২.৫ শতাংশ
শেয়ার অ্যারেস ম্যানেজমেন্টের কাছে হস্তান্তর করছেন তিনি। অন্যদিকে, ফ্র্যাঞ্চাইজিটির
সংখ্যাগরিষ্ঠ ৫৫ শতাংশ মালিকানা থাকছে বলিউড অভিনেতা শাহরুখ খানের হাতে। সহ-মালিক হিসেবে
থাকছেন জুহি চাওলাও।

নিয়ম অনুযায়ী, এই শেয়ার বিক্রির অর্থ থেকে ৫ শতাংশ পাবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
এর পরিমাণ প্রায় ২ কোটি ডলার, যা ভারতীয় মুদ্রায় আনুমানিক ২০০ কোটি রুপি।

২০০৭ সালে আইপিএলের প্রথম আসরের জন্য আটটি ফ্র্যাঞ্চাইজি নিলামে তোলা হয়। সে সময় শাহরুখ
খান, জয় মেহতা ও জুহি চাওলা একসঙ্গে গড়ে তোলেন ‘কলকাতা নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট
লিমিটেড’। সেই থেকে তাদের মালিকানাতেই রয়েছে কলকাতার এই ফ্র্যাঞ্চাইজি।

অ্যারেস ম্যানেজমেন্ট যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান। বিশ্বের বিভিন্ন
বড় ক্রীড়া প্রতিষ্ঠানে বিনিয়োগ রয়েছে তাদের। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি ও এনএফএলের
মিয়ামি ডলফিনসেও প্রতিষ্ঠানটির অংশীদারত্ব রয়েছে। এছাড়া কেইন ইন্টারন্যাশনালের সঙ্গে
যৌথভাবে ইংল্যান্ডের ১০০ বলের ক্রিকেট প্রতিযোগিতা ‘দ্য হান্ড্রেড’-এর নটিংহ্যামভিত্তিক
দল ট্রেন্ট রকেটসের সহ-মালিকানায় রয়েছে তারা। কেকেআরের শেয়ার কেনার মধ্য দিয়ে ক্রিকেটে
বিনিয়োগের পরিধি আরও বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি।

এর আগে আইপিএলের আরেক দল রাজস্থান রয়্যালসের মালিকানা পরিবর্তনের সময় ফ্র্যাঞ্চাইজিটির
মূল্য নির্ধারিত হয়েছিল ১৫ হাজার ৬৬০ কোটি রুপি। অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর
বাজারমূল্য দাঁড়িয়েছিল ১৬ হাজার ৬৬০ কোটি রুপি। দলটির বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে আদিত্য
বিড়লা গ্রুপ, টাইমস গ্রুপ, ব্ল্যাকস্টোন ও বোল্ট ভেঞ্চারস।

এছাড়া ২০২২ সালে গুজরাট টাইটান্সের মালিকানা নেয় সিভিসি ক্যাপিটাল। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটি
ফ্র্যাঞ্চাইজিটির ৩৩ শতাংশ শেয়ার নিজেদের কাছে রেখে সংখ্যাগরিষ্ঠ মালিকানা টরেন্ট গ্রুপের
কাছে হস্তান্তর করে।

জয়ের এই শেয়ার বিক্রির ফলে কেকেআরের মালিকানায় নতুন বিনিয়োগকারী যুক্ত হলেও শাহরুখ 
খানের নেতৃত্বে ফ্র্যাঞ্চাইজিটির সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ আগের মতোই থাকছে।
