# কবুতর চুরির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

- Link: https://znews.news/%e0%a6%95%e0%a6%ac%e0%a7%81%e0%a6%a4%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a7%87-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%aa%e0%a6%bf/
- Published: ২০২৬-১১-১৬T১৭:৫৪:২৮+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে মো. সোহেল (৪৫) নামে এক ব্যক্তির
মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে কাচপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার
মৃত্যু হয়। এর আগে, রোববার রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাও নন্দীপুর এলাকায় মারধরের
ঘটনা ঘটে।

নিহত সোহেল পটুয়াখালী জেলার গলাচিপা থানার কল্যাণ কলস গ্রামের মরহুম রতন সরদারের ছেলে।
তিনি সাদিপুর ইউনিয়নের ভারগা বেড়িবাধ এলাকায় হামিদুল হাসানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে
বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত ৯টার দিকে ভারগা নন্দীপুর এলাকার মোহাম্মদ আলীর 
একতলা বাড়ির ছাদ থেকে কবুতর চুরির সময় বাড়ির লোকজন বিষয়টি টের পান। তারা চোর চোর বলে
চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে সোহেলকে আটক করে গণপিটুনি দেয়।

কয়েক দফায় উত্তেজিত জনতার গণপিটুনিতে সোহেল গুরুত আহত হয়। পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা
তাকে উদ্ধার করে কাচপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে সোমবার সকালে
চিকিৎসাধীন অবস্থায় সোহেলের মৃত্যু হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বরেন, খবর পেয়ে ঘটনাস্থলে
পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া
হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া
যায়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
