# ওজন বাড়ছে, ঘুম হচ্ছে না, শরীরে কর্টিসল বেড়েছে কি না বুঝবেন যেভাবে

- Link: https://znews.news/%e0%a6%93%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%98%e0%a7%81%e0%a6%ae-%e0%a6%b9%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%b0/
- Published: ২০২৬-১১-২৩T১১:২৪:৪২+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

মানসিক চাপ কি শুধু মনের উপরেই প্রভাব ফেলে? একেবারেই নয়। দীর্ঘদিনের উদ্বেগ, কাজের
চাপ কিংবা ব্যক্তিগত জীবনের নানা সমস্যা শরীরের হরমোনের ভারসাম্যেও প্রভাব ফেলতে পারে।
বিশেষ করে বাড়তে পারে কর্টিসল হরমোনের মাত্রা।

একে বলা হয় স্ট্রেস হরমোন। এই হরমোনের মাত্রা দীর্ঘদিন বেশি থাকলে ঘুম, ওজন এমনকী রক্তে
শর্করার মাত্রাতেও পরিবর্তন দেখা দিতে পারে। কিন্তু কর্টিসল বেড়ে যাওয়ার লক্ষণ অনেক
সময় সাধারণ শারীরিক সমস্যার মতোই মনে হয়। ফলে অনেকেই বিষয়টি বুঝতে পারেন না। হঠাৎ ওজন
বাড়ছে, রাতে ঘুম হচ্ছে না কিংবা সারাদিন ক্লান্ত লাগছে? জেনে নিন, শরীরে কর্টিসলের
মাত্রা বেড়ে গেলে কোন কোন লক্ষণ দেখা দিতে পারে।

কর্টিসল হরমোন কী এবং কেন বাড়ে?

কর্টিসল হলো এক ধরনের স্টেরয়েড হরমোন, যা কিডনির উপরে থাকা অ্যাড্রিনাল গ্রন্থি থেকে
নিঃসৃত হয়। শরীরের বিপাকক্রিয়া, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ, প্রদাহের প্রতিক্রিয়া
এবং ঘুম ও জাগরণের স্বাভাবিক ছন্দ বজায় রাখতে এই হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মানসিক বা শারীরিক চাপের পরিস্থিতিতে শরীরকে সামলে নিতে কর্টিসল সাহায্য করে। তবে দীর্ঘদিন
অতিরিক্ত মানসিক চাপ, কিছু নির্দিষ্ট ওষুধ কিংবা হরমোনজনিত সমস্যার কারণে কর্টিসলের
মাত্রা অস্বাভাবিক হয়ে যেতে পারে।
 শরীরে কর্টিসল বেড়ে যাওয়ার লক্ষণ

হঠাৎ ওজন বৃদ্ধি

খাওয়াদাওয়ায় বিশেষ পরিবর্তন হয়নি, শরীরচর্চাও করছেন, অথচ ওজন বেড়েই চলেছে? বিশেষ করে
পেট ও কোমরের আশপাশে চর্বি জমছে? অতিরিক্ত কর্টিসলের ক্ষেত্রে এমনটা হতে পারে। তবে 
ওজন বৃদ্ধির পিছনে আরও অনেক কারণ থাকতে পারে।

ঘুমের সমস্যা

রাতে বিছানায় শুয়েও ঘুম আসছে না? বারবার ঘুম ভেঙে যাচ্ছে? কর্টিসলের স্বাভাবিক ছন্দে
পরিবর্তন হলে ঘুমের সমস্যা দেখা দিতে পারে। আবার পর্যাপ্ত ঘুম না হলেও শরীরের স্ট্রেস
হরমোনের ভারসাম্য বিঘ্নিত হতে পারে।

সারাক্ষণ ক্লান্তি ও ব্রেন ফগ

পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরেও ক্লান্ত লাগছে? কোনো কাজে মন বসছে না, ছোটখাটো বিষয় ভুলে
যাচ্ছেন? কর্টিসলের অস্বাভাবিক মাত্রার সঙ্গে এমন উপসর্গের সম্পর্ক থাকতে পারে।

মিষ্টি বা নোনতা খাবারের প্রতি আকর্ষণ

হঠাৎ মিষ্টি, চিপস কিংবা নোনতা খাবার খাওয়ার ইচ্ছা বেড়ে যাচ্ছে? স্ট্রেস, ঘুমের অভাব
এবং হরমোনের পরিবর্তন খাদ্যাভ্যাসে প্রভাব ফেলতে পারে। কর্টিসলের মাত্রা বেশি থাকলেও
ক্ষুধা ও খাবারের প্রতি আকর্ষণ বাড়তে পারে।

ত্বকে কালশিটে ও ক্ষত সারতে দেরি

সামান্য আঘাতেই শরীরে কালশিটে দাগ পড়ছে? ক্ষত সারতেও অনেক সময় লাগছে? দীর্ঘদিন অতিরিক্ত
কর্টিসল শরীরের ত্বক ও পেশির উপর প্রভাব ফেলতে পারে। পাশাপাশি ব্রণ এবং চুল পড়ার সমস্যাও
দেখা দিতে পারে।

দীর্ঘদিন কর্টিসল বেশি থাকলে কী ক্ষতি?

দীর্ঘদিন কর্টিসলের মাত্রা অস্বাভাবিক বেশি থাকলে শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত
হতে পারে। ওজন বৃদ্ধি, পেশির দুর্বলতা, উচ্চ রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়া
এবং হাড়ের ঘনত্ব কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। মহিলাদের ক্ষেত্রে ঋতুচক্রেও
অনিয়ম হতে পারে। অতিরিক্ত কর্টিসলের কারণে তৈরি হওয়া কুশিং সিনড্রোমের মতো সমস্যায় 
ত্বক পাতলা হওয়া ও সহজে কালশিটে পড়ার প্রবণতাও দেখা যায়।

কর্টিসলের ভারসাম্য বজায় রাখবেন যেভাবে

কর্টিসলের স্বাভাবিক ভারসাম্য বজায় রাখতে প্রতিদিনের জীবনযাপনে কিছু পরিবর্তন আনুন।
খাদ্যতালিকায় শাকসবজি, ফল, প্রোটিন ও ফাইবারসমৃদ্ধ খাবার রাখুন। নিয়মিত হাঁটুন বা হালকা
শরীরচর্চা করুন। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমোতে যান এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। মানসিক
চাপ কমাতে ধ্যান, প্রাণায়াম কিংবা পছন্দের কোনো শখের জন্য সময় বের করুন। অতিরিক্ত ক্যাফেইন
ও অনিয়মিত জীবনযাপন এড়িয়ে চলুন।

কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?

একাধিক উপসর্গ দীর্ঘদিন ধরে দেখা দিলে কিংবা দ্রুত ওজন বৃদ্ধি, পেশির দুর্বলতা, সহজে
কালশিটে পড়া এবং উচ্চ রক্তচাপের মতো সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন। প্রয়োজন
অনুযায়ী চিকিৎসক রক্ত, প্রস্রাব বা লালারসের পরীক্ষার মাধ্যমে কর্টিসলের মাত্রা যাচাই
করতে পারেন। শুধু ক্লান্তি বা ওজন বৃদ্ধি দেখেই শরীরে কর্টিসল বেশি বলে সিদ্ধান্ত নেওয়া
যায় না। সঠিক কারণ জানতে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ।
