# এসএসসি পরীক্ষা পেছানোর গুঞ্জন ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী

- Link: https://znews.news/%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%97/
- Published: ২০২৬-০৪-০৮T১৪:৫৮:৫৩+০৬:০০
- Author: znews

**জেড নিউজ, ঢাকা:**

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বাংলাদেশেও জ্বালানি সংকট দেখা দিয়েছে। এ সংকট থেকে উত্তরণে
শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নেওয়ার পরিকল্পনা করেছে সরকার।

একই কারণে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা পেছানো হতে পারে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন পেজ ও গ্রুপে এমন তথ্য
ছড়ানো হচ্ছে।

তবে এসএসসি পরীক্ষা পেছানোর কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক
ও গণশিক্ষমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার ‘এহছানুল হক মিলন-মিডিয়া সেল’ পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে
বলা হয়, ‘এসএসসি পরীক্ষা পেছানোর গুঞ্জন ভিত্তিহীন।’

শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত সময়সূচি অনুযায়ী—এবার এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে
আগামী ২১ এপ্রিল। প্রথমদিনে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা শেষ
হবে ২০ মে। ৭ জুন থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, যা চলবে ১৪ জুন পর্যন্ত।
