# এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

- Link: https://znews.news/%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0/
- Published: ২০২৬-১১-২৮T১০:৩৫:২৬+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস
কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এবার দুই কোর্সের ভর্তি পরীক্ষা
একই দিনে অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হবে। এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য
শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে
বলা হয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) প্রণীত জাতীয় ভর্তি
নীতিমালা অনুযায়ী অনলাইনে আবেদন করতে হবে।

গত ২৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩ ডিসেম্বর
রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় আগামী ৪ ডিসেম্বর রাত ১১টা
৫৯ মিনিট। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। যা প্রি-পেইড টেলিটকের মাধ্যমে
জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে dgme.teletalk.com.bd ঠিকানায়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১৪ থেকে ১৭ ডিসেম্বর
পর্যন্ত। হাজিরা সিট ডাউনলোডের সময় ১৫ থেকে ১৭ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে
১১টা ১৫ মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষা হবে।

ভর্তি পরীক্ষায় অংশ নিতে প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। ২০২৫ অথবা ২০২৬ সালে
এইচএসসি, ‘এ’ লেভেল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে
২০২৩ সালের আগে এসএসসি, ‘ও’ লেভেল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণরা আবেদনের যোগ্য হবেন
না। প্রার্থীকে এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে। এইচএসসি
বা সমমান পরীক্ষায়ও বিজ্ঞান বিভাগসহ জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন থাকতে হবে। 
এসএসসি ও এইচএসসি বা সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.৫০ থাকতে হবে। তবে এইচএসসি
বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে জিপিএ ৩.৫০-এর কম হলে আবেদন করা যাবে না।

পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য মোট আসনের ১ শতাংশ সংরক্ষিত থাকবে। এর মধ্যে রাঙামাটি মেডিকেল
কলেজের ২৫ শতাংশ আসন অন্তর্ভুক্ত। তাদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায়
মোট জিপিএ কমপক্ষে ৮.০০ হতে হবে। এইচএসসি বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে জিপিএ ৩.০০-
এর কম হলে তারাও আবেদনের যোগ্য হবেন না।

পরীক্ষার মানবণ্টনএইচএসসি সিলেবাস অনুযায়ী ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় ১০০টি প্রশ্ন
থাকবে। এর মধ্যে জীববিজ্ঞানে ৩০, রসায়নে ২৫, পদার্থবিজ্ঞানে ১৫, ইংরেজিতে ১৫ এবং সাধারণ
জ্ঞান, পেশাগত প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়নে ১৫ নম্বর বরাদ্দ থাকবে। পরীক্ষার
সময় ১ ঘণ্টা ১৫ মিনিট। প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর পাওয়া যাবে। প্রতিটি ভুল
উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে। পরীক্ষায় পাস নম্বর ৪০।
