# এমপিওভুক্ত হচ্ছে না ১ হাজার ৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

- Link: https://znews.news/%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%93%e0%a6%ad%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b9%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be-%e0%a7%a7-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c/
- Published: ২০২৬-০৪-২৯T১৪:৪৯:১২+০৬:০০
- Author: znews

**জেড নিউজ, ঢাকা:**

এক হাজার ৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার চূড়ান্ত তালিকা করেছিল অন্তর্বর্তী
সরকার। বর্তমান সরকার সেই তালিকা ধরে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে নারাজ। নতুন
সিদ্ধান্ত অনুযায়ী, সেই তালিকা ফের যাচাই-বাছাইয়ের আওতায় আনা হচ্ছে। পাশাপাশি নতুন 
করে আরও আবেদন নেওয়া হবে। পরে নতুন ও পুরোনো সব আবেদন একসঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করে
তালিকা চূড়ান্ত করা হবে।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, চূড়ান্ত প্রতিষ্ঠানের তালিকা বাতিল
করা হয়নি; নতুন আবেদনের সঙ্গে সেগুলো একত্রে পুনর্মূল্যায়ন করা হবে। নতুন তালিকা চূড়ান্ত
করে আগামী ২০২৬-২৭ অর্থবছরে বাজেট বরাদ্দ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে জাতীয় সংসদকে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, পর্যায়ক্রমে এমপিওভুক্তি কার্যক্রম
চলমান। অন্তর্বর্তী সরকারের সময় ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো
ও এমপিও নীতিমালা-২০২৫’-এর আলোকে ২০২৫-২৬ অর্থবছরে এমপিওভুক্তকরণের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান
থেকে আবেদন আহ্বান করা হয়েছিল। সরকারের নীতিগত সিদ্ধান্ত হলো, এসব আবেদনের পাশাপাশি
নতুন আবেদন নেওয়া হবে।
