# এবার কি পরমাণু বোমার সিদ্ধান্ত নেবে ইরান?

- Link: https://znews.news/%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a3%e0%a7%81-%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d/
- Published: ২০২৬-১১-২২T১২:৩৮:৫৯+০৬:০০
- Author: znews

জেড নিউজ ডেস্ক:

তেহরানের বাহারেস্তান স্কয়ারে আয়োজিত এক সামরিক প্রদর্শনীতে ইরানের ক্ষেপণাস্ত্র ও 
সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতিকৃতিসংবলিত ব্যানার প্রদর্শন করা হচ্ছে। গত ২৮ সেপ্টেম্বর
তোলা ছবি আল-জাজিরা থেকে সংগৃহীত

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দেশটির দীর্ঘদিনের অবস্থান পরিবর্তনের ইঙ্গিত পাওয়া
যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে তেহরানে পারমাণবিক অস্ত্র
তৈরির বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ভবিষ্যতে
প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হবে। সেই প্রয়োজন কীভাবে নির্ধারিত হবে, তা নিয়েও ইঙ্গিতপূর্ণ
মন্তব্য করেছেন তিনি।

শনিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, দেশের
সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ইরানের ভেতরেই থাকবে। এছাড়া দেশটির পারমাণবিক নীতি পরিবর্তন
নিয়ে সরকারি কর্মকর্তা ও আইনপ্রণেতাদের মধ্যে বিতর্ক চলছে বলেও জানান তিনি।

তার ভাষায়, এটি জাতীয় নিরাপত্তা ও স্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ
কৌশলগত বিতর্ক।

তবে আপাতত ইরানের পারমাণবিক নীতিতে কোনও পরিবর্তন আসেনি বলে জানিয়েছেন আরাগচি। তিনি
সতর্ক করে বলেন, এ নীতিতে আনুষ্ঠানিক পরিবর্তন আনা হলে তার সুদূরপ্রসারী প্রভাব পড়বে।

ইরান এত দিন দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। বিদ্যুৎ
উৎপাদন, চিকিৎসা গবেষণা ও কৃষিকাজই এর মূল উদ্দেশ্য। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ
আলী খামেনির জারি করা ধর্মীয় নির্দেশেও পারমাণবিক অস্ত্র তৈরি নিষিদ্ধ ছিল।

তবে গত ১২ নভেম্বর ইরানের সর্বোচ্চ নেতা নিয়োগকারী সংস্থা অ্যাসেম্বলি অব এক্সপার্টস
দেশটির প্রতিরক্ষা নীতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় প্রতিরোধক্ষমতা গড়ে তোলাকে অনিবার্য
বলে উল্লেখ করে। এর আগে নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়িও পারমাণবিক নীতি পুনর্বিবেচনার
আলোচনার কথা জানান।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ২০২৫ সালের হিসাব অনুযায়ী, ইরানের কাছে প্রায়
৪৪০ কেজি ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য সাধারণত ৯০ শতাংশ
সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন। তবে আইএইএ বলছে, পরিদর্শনের সুযোগ না থাকায় বর্তমানে ইরানের
মজুতের পরিমাণ ও অবস্থান যাচাই করা সম্ভব হচ্ছে না।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের নিরাপত্তা হিসাব-নিকাশে
পরিবর্তন এসেছে। দেশটির একাংশ মনে করছে, পারমাণবিক অস্ত্র প্রতিপক্ষের হামলা ঠেকানোর
কার্যকর প্রতিরোধক হতে পারে।

অন্যদিকে, এ পথে এগোলে নতুন করে মার্কিন ও ইসরায়েলি হামলার ঝুঁকি বাড়বে বলে সতর্ক করছেন
নীতিনির্ধারকদের আরেকটি অংশ।

ইরান পারমাণবিক নীতি পরিবর্তন করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানের আলোচনাও জটিল
হয়ে উঠতে পারে। ওয়াশিংটন যেকোনও সমঝোতার আগে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি না করার 
নিশ্চয়তা চাইছে।

বিশ্লেষকদের আশঙ্কা, তেহরানের নীতিগত পরিবর্তনকে ইসরায়েল নতুন সামরিক পদক্ষেপের অজুহাত
হিসেবেও বিবেচনা করতে পারে। ফলে পারমাণবিক নীতি নিয়ে এই বিতর্ক মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের
ঝুঁকি বাড়াচ্ছে।
