# এক ভিসায় ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ

- Link: https://znews.news/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%98%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%aa/
- Published: ২০২৬-০৯-১০T১৩:৩৩:৪৭+০৬:০০
- Author: znews

জেড নিউজ ডেস্ক:

ইউরোপের ‘শেনজেন ভিসা’র মতো এক ভিসায় মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ ভ্রমণের সুযোগ তৈরি হচ্ছে।
দীর্ঘদিনের প্রতীক্ষিত ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ খুব শিগগির চালু হতে যাচ্ছে
বলে জানিয়েছেন গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) মহাসচিব জাসেম মোহামেদ আলবুদাইউই।

৬ সেপ্টেম্বর রিয়াদে আয়োজিত এক সম্মেলনে জিসিসি মহাসচিব জানান, নতুন এই ব্যবস্থা চালু
হলে বিদেশি পর্যটকদের জন্য মধ্যপ্রাচ্য ভ্রমণ আরো সহজ হবে। একটি ভিসা নিয়েই পর্যটকেরা
সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান ও কুয়েত—এই ছয়টি দেশে ভ্রমণ করতে
পারবেন।

ভিসার ফি, মেয়াদ ও চালুর নির্দিষ্ট তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে বিভিন্ন
দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগগুলো এটি দ্রুত চালুর জন্য একযোগে কাজ
করছে।

এই উদ্যোগের শুরু ২০২৩ সালের অক্টোবরে। ওই সময় ছয় দেশের পর্যটনমন্ত্রীরা এক বৈঠকে প্রস্তাবটিতে
সম্মতি দেন। পরের মাসে স্বরাষ্ট্রমন্ত্রীরাও এতে চূড়ান্ত সায় দেন। সংযুক্ত আরব আমিরাতের
অর্থমন্ত্রী বলেছেন, এই উদ্যোগ পুরো উপসাগরীয় অঞ্চলকে বিশ্বের মানুষের কাছে একটি একক
পর্যটন গন্তব্য হিসেবে আরো আকর্ষণীয় করে তুলবে।

শুধু পর্যটকদের জন্য নয়, সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের যাতায়াত সহজ করতেও নেওয়া হয়েছে
বিশেষ উদ্যোগ। এর অংশ হিসেবে আরব আমিরাত ও বাহরাইনের মধ্যে নতুন একটি বিমান ভ্রমণ সুবিধা
চালু হয়েছে। এতে যাত্রীরা প্রথম বিমানবন্দরেই সব ধরনের ডিজিটাল ও বায়োমেট্রিক ইমিগ্রেশন
প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। ফলে অন্য দেশে পৌঁছানোর পর তাদের দ্বিতীয়বার পাসপোর্ট
যাচাইয়ের লাইনে দাঁড়াতে হয় না।

সব মিলিয়ে মুক্ত বাণিজ্য ও সহজ যোগাযোগের মাধ্যমে মধ্যপ্রাচ্যকে আরো ঘনিষ্ঠভাবে যুক্ত
করার যে বড় পরিকল্পনা চলছে, সমন্বিত এই ভিসা তারই একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি চালু 
হলে বিশ্বের পর্যটক ও ব্যবসায়ীদের জন্য মধ্যপ্রাচ্যে যাতায়াত আরো সহজ হবে।
