# একরামুল হত্যা মামলায় ট্রাইব্যুনালে আনা হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহকে

- Link: https://znews.news/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9f%e0%a7%8d/
- Published: ২০২৬-০৮-২৫T১২:১০:৩৭+০৬:০০
- Author: znews

**জেড নিউজ , ঢাকা** :

একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ
উদ্দিন আহমেদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ছবি: কালবেলা

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের 
মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে
হাজির করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় সেনাবাহিনীর একটি মাইক্রোবাসে করে তাকে ট্রাইব্যুনালে
হাজির করা হয়। এদিন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন
বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
দেয় প্রসিকিউশন। গত ২৬ জুলাই দাখিল করা এ অভিযোগ আমলে নিয়ে আটজনের নামে গ্রেপ্তারি 
পরোয়ানা ও তিনজনকে হাজিরের নির্দেশ দেন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে শুনানির জন্য আজকের
দিন ধার্য করা হয়।

একরামুল হত্যা মামলায় ট্রাইব্যুনালে আনা হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহকে

সংস্কারের যৌক্তিক জায়গায় পৌঁছাতে সবার সহযোগিতা প্রয়োজন: আইনমন্ত্রী

অন্য আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী
ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ
সদস্য আবদুর রহমান বদি, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম, র‍্যাবের সাবেক মহাপরিচালক
আনোয়ার লতিফ খান, মেজর (অব.) রুহুল আমিন, লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান ও ডিজিএফআইয়ের
সাবেক কর্মকর্তা স্কোয়াড্রন লিডার নাজমুস সাকিব মাহমুদ।

এর মধ্যে অন্য মামলায় গ্রেপ্তার আছেন আনোয়ার লতিফ, মাহবুব আলম ও বদি। প্রসিকিউশনের 
আবেদনে তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করে হাজিরের নির্দেশ দেন আদালত। এছাড়া
গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় ২৭ জুলাই রাতে মিফতাহ উদ্দিনকে সেনা হেফাজতে নেওয়া হয়
বলে জানিয়েছিল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, ২০১৮ সালের ২৬ মে রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজারের
টেকনাফের কিরণতলীর হোটেল নেটংয়ের সামনের সড়ক থেকে একরামুল হককে তুলে নেওয়া হয়। রাত 
১১টা থেকে ১২টার মধ্যে টেকনাফ সদর ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ায় মেরিন ড্রাইভের সাগরতীরে
র‍্যাবের কথিত বন্দুকযুদ্ধে নিহত হন তিনি। একরামুল টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের
কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন।

এ মামলায় আসামিদের বিরুদ্ধে অবৈধভাবে আটক, অপহরণ, বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে গুলি করে
হত্যা, অপরাধ সংঘটনে সংশ্লিষ্টতা, প্ররোচনা, সহায়তা ও হত্যার নির্দেশ প্রদানের সুনির্দিষ্ট
অভিযোগ এনেছে প্রসিকিউশন।
