# একটি যুদ্ধ শেষ, আরেকটি যুদ্ধ শুরু হয়েছে: প্রধানমন্ত্রী

- Link: https://znews.news/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%86%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6/
- Published: ২০২৬-০৫-০৯T১৫:৪৮:০৬+০৬:০০
- Author: znews

**জেড নিউজ, ঢাকা:**

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি যুদ্ধ শেষ হয়েছে, এখন
আমাদের আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। আর সেই যুদ্ধটি হলো জনগণকে দেওয়া আমাদের প্রতিটি প্রতিশ্রুতি(
কমিটমেন্ট) বাস্তবায়ন করা।

শনিবার (৯ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের
চাঙ্গা করতে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমরা দেশের মানুষকে সুশাসন দেওয়ার কথা বলেছিলাম। আমরা
এমন একটি দেশ গড়তে চাই, যেখানে শিক্ষার্থীরা শিক্ষার জন্য চমৎকার পরিবেশ পাবে এবং নারী-
পুরুষ নির্বিশেষে প্রতিটি মানুষ রাস্তায় নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবে।

তিনি আরও যোগ করেন, ফ্যাসিস্ট সরকারের আমলে যখন বিএনপি নেতাকর্মীরা অবর্ণনীয় নির্যাতন,
গুম ও খুনের শিকার হচ্ছিলেন, তখনো বিএনপি চেয়েছিল দেশে এমন একটি গণতান্ত্রিক পরিবেশ
তৈরি হোক যেখানে সুস্থ তর্ক-বিতর্ক থাকবে এবং মানুষের কথা বলার অবারিত সুযোগ থাকবে।
আমরা সেই পরিবেশ নিশ্চিত করতে চাই।

গত ১২ তারিখের নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমি আগেই বলেছিলাম নির্বাচনটি অনেক
কঠিন হবে এবং আপনারা প্রতিটি মুহূর্তে তা অনুভব করেছেন। দেশের মানুষ আমাদের দলের ওপর
আস্থা রেখেছে এবং আমাদের ইশতেহারের (মেনুফেস্টো) পক্ষে ব্যাপক সমর্থন দিয়েছে।

তিনি গুরুত্বারোপ করে বলেন, নির্বাচনের ফলাফল প্রকাশের আগ পর্যন্ত এটি ছিল কেবল জাতীয়তাবাদী
দলের ইশতেহার। কিন্তু আমরা সরকার গঠন করার পর এটি এখন পুরো বাংলাদেশের জনগণের ইশতেহারে
পরিণত হয়েছে। কারণ ৫২ শতাংশ মানুষ সরাসরি আমাদের ইশতেহারের পক্ষে রায় দিয়েছেন। তাই 
আমাদের এখন সর্বোচ্চ শ্রম ও আন্তরিকতা দিয়ে এই ইশতেহার বাস্তবায়ন করতে হবে।
